বরখাস্ত হলেন ঘোড়াঘাটের সেই স্বাস্থ্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুর রহমান সাময়িক বরখাস্ত হয়েছেন। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাঁকে বহিষ্কার করা হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জেল খাটায় বি. এস. আর পার্ট-১ এর ৫৩ নং বিধির নোট-২ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ‘তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’ নামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ঝুঁকিপূর্ণ শারীরিক সম্পর্কের পর গর্ভধারণ রোধে কখনো কখনো নারীদের ‘পিউলি’ নামের বড়ি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে গত বছরের ১০ নভেম্বর কোনো ব্যবস্থাপত্রে না, নিজের মুঠোফোন থেকে খুদে বার্তা লিখে এক নারীকে পিলটি খেতে বলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামছুর রহমান।
শুধু এই খুদে বার্তা নয়। মুঠোফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই চিকিৎসক গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত ওই নারীকে ফোন করেছেন মোট ৫১১ বার। খুদে বার্তা পাঠিয়েছেন ৯৬ টি। প্রেম-ভালোবাসা নিবেদনই ছিল এসব ফোন ও খুদে বার্তার উদ্দেশ্য। শেষ পর্যন্ত গত ৩১ মে ওই নারীকে গোপনে বিয়েও করেন। তবে এক দিন পরই তিনি বিয়ে অস্বীকার করে ওই নারীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিলে বাঁধে গন্ডগোল। ওই নারী শামছুরের বিচার দাবি করে গত ২ জুলাই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সাংসদ, স্বাস্থ্যসচিব, জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করেন। এর আগে গত ১০ জুন দিনাজপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও করেন।
ওই নারীর অভিযোগ, চিকিৎসা নিতে গিয়ে শামছুরের সঙ্গে তাঁর পরিচয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই চিকিৎসক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ নভেম্বরের পর থেকে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন শামছুর। এর মধ্যে বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা জেনে গেলে চাপে পড়েন স্বাস্থ্য কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক বলেন, চাপে পড়ে শামছুর রংপুরে গিয়ে ওই নারীকে বিয়ে করেন। এক দিন পরই তিনি ওই নারী ও তাঁর বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে (শামছুর) অপহরণ করে বিয়েতে বাধ্য করার অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, শামছুরের আগেও স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁরা লক্ষ্মীপুর থাকেন।
আজ শামছুর রহমানের প্রথম স্ত্রী প্রথম আলোকে জানান, তিনি বাদী হয়ে গত ১৪ জুলাই লক্ষীপুর আমলী আদালত-২ এ যৌতুক আইনে মামলা করেন। গত ৪ আগস্ট জামিন নিতে গেলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ১০ আগস্ট তিনি ওই আদালত থেকে জামিনে মুক্তি পান।
ঘটনায় দ্বিতীয় স্ত্রীও তাঁর বিচার দাবি করে গত ১০ জুন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে যৌতুকের মামলা করেন।
আরও পড়ুন:
তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা