বরখাস্ত হলেন জি কে গউছও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় ফের সাময়িক বরখাস্ত হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। আজ রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁর বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।

সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
গউছের পাশাপাশি আজই দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজ হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন উপসচিব মো. মাহমুদুল আলমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে গউছকে বরখাস্ত করা হয়। ওই বার্তায় বলা হয়েছে, জি কে গউছের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯-এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। আর এটিকেই গউছকে সাময়িক বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
বরখাস্তের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মো. সফিউল আলম জানান, সুনামগঞ্জের একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেওয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে মেয়র জি কে গউছকে অভিযুক্ত করা হয়। একই বছর ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। প্রায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন।
এদিকে সুনামগঞ্জে সাবেক সাংসদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায়ও তাঁকে আসামি করা হয়। ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।