বরখাস্ত হলেন সেই চেয়ারম্যান
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদকে গতকাল বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্পের ডিও লেটারে স্বাক্ষর দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত করার বিষয়ে গতকাল স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা দুর্গাপুরের ইউএনও আমিনুল ইসলামের কাছে এসেছে। এতে বলা হয়েছে, পিআইওকে হুমকি দেওয়া, এতে আতঙ্কিত হয়ে তাঁর অফিস করতে না পারা এবং বেনামীতে ঠিকাদারি করার অভিযোগে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে ওই বার্তায়। বরখাস্তের ব্যাপারে জানতে চাইলে আবদুল মজিদ বলেন, তিনি এখনো কিছু জানেন না।