বরখাস্তকৃত শিক্ষক ষড়যন্ত্রের শিকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম ইকবাল হোসেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
এস এম ইকবাল হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র করে উপাচার্যের কাছে কেউ ভুল তথ্য দিয়ে তাঁকে বেকায়দায় ফেলেছেন। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি একজন ধর্মপরায়ণ শিক্ষক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এ জন্য আমাকে অনেকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক বলে অপপ্রচারও চালিয়েছেন। কিন্তু সেই অপচেষ্টায় ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে উক্তি করেছি বলে দাবি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শাস্তি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। আমি এ দেশের একজন সুস্থ নাগরিক। আমি কেন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে যাব?’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবর রহমান বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে তিনি দীর্ঘ ১২ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে আছেন। এর আগে তাঁর সম্পর্কে কোনো অভিযোগ নেই। তিনি সুনামের সঙ্গেই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অপরাধে বুধবার রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।