বরখাস্তের তাগিদ, তবু বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়ের বারবার তাগিদের পরও এক প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। বিভাগীয় তদন্তের সুপারিশ সত্ত্বেও তাঁকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি।
এই প্রকৌশলী হচ্ছেন শামসুল হুদা সিদ্দিকী। তিনি করপোরেশনের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, শামসুল হুদা সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মসহ ১১টি অভিযোগ ছিল। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও করপোরেশনের বিভাগীয় তদন্ত কমিটি পৃথকভাবে এসব অভিযোগের তদন্ত করে। এতে নয়টি অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই সময় তাঁকে করপোরেশনের যান্ত্রিক শাখা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন।
সূত্র জানায়, দুটি তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করতে গত বছরের ২৭ মে, ২২ সেপ্টেম্বর ও ১৩ নভেম্বর তিন দফা তাগিদপত্র দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সর্বশেষ গত ১২ জানুয়ারি আবারও করপোরেশনকে তাগিদপত্র দিয়েছে মন্ত্রণালয়। তবে সিটি করপোরেশন এখনো পর্যন্ত প্রকৌশলী শামসুলকে সাময়িক বরখাস্ত কিংবা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের তাগিদের পর শামসুল হুদা সিদ্দিকীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিটি করপোরেশন।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম উদ্দিন হায়দারের সই করা সর্বশেষ তাগিদপত্রে বলা হয়েছে, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শামসুল হুদা সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তিন দফা তাগিদপত্র দেওয়া হয়েছে। কিন্তু তা করা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, একই তাগিদপত্রে অবিলম্বে তাঁকে সাময়িক বরখাস্ত ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তে প্রমাণিত অভিযোগগুলোর বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সাত কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আলী আহমেদ বলেন, ‘মন্ত্রণালয়ের একটি বৈঠকের জন্য আমি এখন ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রণালয়ের বারবার তাগিদ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তাঁর (শামসুল হুদা) বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিভাগীয় কমিশনার কার্যালয় ও করপোরেশনের বিভাগীয় কমিটি তদন্ত করেছে। এই ব্যাপারে আরও যথাযথ ও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। এই প্রক্রিয়া শুরু হচ্ছে।