বরগুনা-আমতলী নৌপথে ডুবোচর, ফেরি সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রা নদীতে ডুবোচর পড়ায় আমতলী-বরগুনা নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ফেরির সংকটের কারণে এ পথের যাত্রী ও যানবাহনের চালকদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এ পথে চারটি ফেরির জায়গায় একটি ফেরি চলাচল করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদীতে ডুবোচর পড়ায় এক ঘাট থেকে অন্য ঘাটে যেতে ১৫ থেকে ২০ মিনিটের জায়গায় এক ঘণ্টা লেগে যাচ্ছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, বরগুনা সওজ বিভাগ ১৯৮৬ সালে আমতলীর পায়রা নদীতে চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করে। ১৯৯০ সাল পর্যন্ত এ পথে সব সময় এক ঘণ্টা পরপর দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো। তখন নদীর নাব্যতা স্বাভাবিক থাকায় যানবাহন নিয়ে এক ঘাট থেকে অন্য ঘাটে যেতে ফেরিগুলোর ১৫ থেকে ২০ মিনিট লাগত। ১৯৯০ সালের পর থেকে এ ঘাটে মাত্র একটি ফেরি চলাচল করছে।সওজ বিভাগের (ফেরির) কয়েকজন কর্মচারী জানান, বর্তমানে এ পথে ইউটিলিটি টাইপের তিনটি ফেরি ও ইঞ্জিনবিহীন ফেরি আছে। আমতলী ফেরিঘাটের পন্টুনের দুই পাশে দুটি ফেরি বাঁধা রয়েছে। এর মধ্যে একটি সব সময় নষ্ট থাকে এবং অন্যটি জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখার কথা থাকলেও ইঞ্জিনে ত্রুটি থাকায় তা রাখা যাচ্ছে না। এ অবস্থায় শুধু একটি ফেরি এক ঘাট থেকে অন্য ঘাটে দিনে পাঁচ থেকে আটবার চলাচল করে। এ জন্য যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকদের ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বরগুনা থেকে ছয়টি বাস ও ট্রাক নিয়ে আমতলী ঘাটে আসার পথে ফেরির তলা ফেটে গেলে চালক দ্রুত সেটি একটি চরে উঠিয়ে দেন। এতে দুই শতাধিক যাত্রী রক্ষা পান। এ ছাড়া নদীতে ডুবোচর পড়ায় ভাটার সময় ফেরিটিকে অতিরিক্ত প্রায় দেড়-দুই কিলোমিটার পথ ঘুরে আসা-যাওয়া করতে হয়। রাতে অনেক সময় ফেরিটি চরে আটকে যায়।ফেরির চালক খোকন মিয়া জানান, অনেক পথ ঘুরে চলাচল করার কারণে এক দিকে যেমন বেশি সময় লাগছে, অন্য দিকে ফেরির জ্বালানির ব্যয়ও দ্বিগুণ বেড়েছে।বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর পায়রা নদীতে ফেরি দুর্ঘটনার পর এ পথে নতুন ফেরি দেওয়ার জন্য সওজ পটুয়াখালী অঞ্চলের ফেরি বিভাগকে বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান চিঠি দিয়েছেন।