বরগুনা ও কলাপাড়ায় সারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল ইউরিয়া সারের দাবিতে কৃষকেরা মিছিল করেছেন।বরগুনায় গতকাল কয়েকটি ডিলারের দোকানের সামনে শত শত কৃষক সকাল থেকে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও সার পাননি। পরে বিক্ষুব্ধ কৃষকেরা শহরে সারের দাবিতে মিছিল করেন। খাজুরতলা গ্রামের কৃষক বাবুল মিয়া, কুমড়াখালী গ্রামের ফজলুর রহমান ও গুদিঘাটা গ্রামের আবুল কালাম জানান, সকাল আটটা থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। সাড়ে ১০টার দিকে ডিলার তাঁদের বলেন সার নেই। বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সারের চাহিদা কম থাকায় অক্টোবর মাসের ডিও আনতে একটু দেরি করেছেন ডিলাররা। এ ছাড়া বরিশালে বাফার গুদাম থেকে সার সরবরাহের গতি একটু মন্থর হওয়ায় সার আসতে দেরি হচ্ছে। সবকিছু মিলিয়ে হঠাৎ করে কৃষকপর্যায়ে সারের চাহিদা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে সারের সংকট নেই। দু-এক দিনের মধ্যে পর্যাপ্ত সার ডিলারদের কাছে পাওয়া যাবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সারের দাবিতে কৃষকেরা গতকাল শনিবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কলাপাড়া শহরের কয়েকটি এলাকায় সার ডিলাররা দোকান থেকে কৃষকদের কাছে সার বিক্রি করেন। তবে তা সত্ত্বেও অনেক কৃষক সার না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।বিক্ষুব্ধ কৃষকেরা জানান, উপজেলায় গত এক সপ্তাহ ধরে ইউরিয়ার তীব্র সংকট চলছে। আমনের জমিতে এখন ইউরিয়া সার দেওয়া খুবই জরুরি। অথচ চাহিদামতো তাঁরা সার পাচ্ছেন না। সার না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, ‘ইতিমধ্যে বরিশাল বাফার (মজুদ কেন্দ্র) থেকে ১৭৩ মেট্রিক টন সার এখানকার ডিলারদের বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি, দু-এক দিনের মধ্যে সারের সমস্যা দূর হবে।’ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শনিবার সার বিতরণে দেরি হওয়ায় কিছু কৃষক আমাকে বললে, আমি সঙ্গে সঙ্গে তাঁদের সার দেওয়ার ব্যবস্থা করে দিই।’