বরগুনা ও পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও পটুয়াখালীর গলাচিপা এবং রাঙ্গাবালী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত নয় দিনে বরগুনার বিভিন্ন সরকারি চিকিৎসাকেন্দ্রে প্রায় ৩৫৪ জন এবং গলাচিপা ও রাঙ্গাবালীতে ৮৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান বলেন, ‘হঠাৎ করে ডায়রিয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় আইভি স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে। তার পরও আমরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালাচ্ছি।’গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গত নয় দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয় ৮৩ জন এবং মারা গেছে একজন। এর বাইরেও বিপুলসংখ্যক রোগী রয়েছে, যারা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। আবার অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে, যার হিসাব আমাদের কাছে নেই। গত মার্চে ১১৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ অবস্থাকে মহামারিই বলতে হবে। বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত নয় দিনে এ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৩৫৪ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ৩০-৩৫ জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে, বারান্দায় এবং সিঁড়িঘরে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলার পাথরঘাটা, আমতলী ও তালতলী এলাকার বিভিন্ন গ্রামেও ব্যাপক হারে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।গত শনিবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। শয্যার অভাবে ৩০-৩৫ জন রোগীকে মেঝেতে নোংরা পরিবেশে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।বরগুনা সদরের মাইঠা গ্রামের সুমী বেগম তাঁর দেড় বছরের ছেলে আলিফ তিন দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু শয্যা না পেয়ে শিশুটিকে ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইভাবে সদরের কড়ইতলা গ্রামের নয় মাস বয়সী শিশু ফাতিমাকে মেঝেতে শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে দুই দিন ধরে। ফাতিমার মা কলি ইসলাম জানান, স্যালাইন ও অন্যান্য ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।খাজুরতলা আবাসনের বাসিন্দা শান্তি বেগম (২৬), তাঁর ভাই এনামুল ও স্বামী রাসেল মিয়া দুই দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। মেঝেতে রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শান্তি বেগম অভিযোগ করেন, দুই দিনে তাঁদের তিনজনের ১৩টি স্যালাইন বাইরে থেকে কিনে আনতে হয়েছে। একই অভিযোগ করেন, ধূপতি এলাকার রোগী নুরুল ইসলাম, ক্রোক এলাকার রোগী মুন্নির মা খাদিজা বেগমসহ অনেকে। জেনারেল হাসপাতালের আরএমও আবদুল মান্নান হাসপাতালের নোংরা পরিবেশ সম্পর্কে বলেন, ‘হাসপাতালের অভ্যন্তরে একটি নালা আটকে যাওয়ায় পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠেছে। আমরা পৌর কর্তৃপক্ষকে নালাটি ঠিক করার জন্য কয়েকবার তাগিদ দেওয়ার পাশাপাশি সবাইকে নিরাপদ পানি ব্যবহার ও পচা-বাসি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। এ ছাড়া কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন খাওয়ারও পরামর্শ দিয়েছি।’ বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত জেলায় এক হাজার ১০৯ জন ডায়রিয়া রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। হঠাৎ করে ডায়রিয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে। আমরা ঢাকা ও বরিশালে স্যালাইন সংগ্রহের জন্য এরই মধ্যে চেষ্টা চালাচ্ছি। আশা করি এই ঘাটতি দূর হবে।’