বরগুনা ও ভোলায় ঝড়, ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলীর দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় গতকাল সোমবার সকালে ঝড়ে ১৩টি ট্রলার ডুবে গেছে৷ উপজেলার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ একই সময় ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নের ওপর দিয়েও ঝড় বয়ে যায়৷ এতে শতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়৷
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় শুরু হলে উপজেলার ১৫ কিলোমিটার দক্ষিণে সাগরের মোহনায় মাছ ধরা ট্রলারগুলো তালতলীর তেতঁুলবাড়িয়া ও নলবুনিয়া এলাকায় ফেরার চেষ্টা করে৷ এ সময় ঢেউয়ে ১৩টি ট্রলার পায়রা নদীর মোহনায় ডুবে যায়৷ এ সময় জেলেরা ঝাঁপ দেন৷ পরে অন্য জেলেরা তাঁদের উদ্ধার করেন৷ এতে ১২ জন জেলে সামান্য আহত হন৷ তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে৷
পাঁচ-সাত মিনিটের ঝড়ে তেঁতুলবাড়িয়া ও তাঁতীপাড়া গ্রামের ১২টি বসতঘর সম্পূর্ণ এবং কমপক্ষে ১০০টি ঘর আংশিক বিধ্বস্ত হয়। তাঁতীপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, ঝড়ের তাণ্ডবে তাঁর বসতঘরটি উড়ে গেছে৷ সোবহানপাড়া গ্রামের আল আমিন বলেন, ‘ঝড় শুরু অওনের পর পোলাপান লইয়্যা বাইরে নামি। এরপর চোখের পলকের মধ্যে আমার ঘরটারে দুমড়াইয়্যা-মুচড়াইয়্যা হালাইছে৷’ জয়ালভাঙা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া জানান, তাঁর গ্রামে কমপক্ষে ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, ঝড়ে ১৩টি ট্রলার ডুবে গেছে৷ এর মধ্যে ১০টি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ৫০-৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে৷
তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দারা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ঝড় শুরু হয়৷ দক্ষিণের বাত্তির খাল মেঘনা নদী থেকে ঝড়টি উঠে চাচড়া ইউনিয়নের দক্ষিণ চাচড়ার ১, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে আবার মেঘনায় মিলিয়ে যায়৷ ঝড়টি দুই মিনিট স্থায়ী হয়৷
ইউনিয়নের চৌকিদার নুর আলম ও মোজাম্মেল হক বলেন, ঝড়ে ১৫৩টি বসতঘর, দুটি মসজিদ, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, ১২টি নৌকাসহ বহু গাছ বিধ্বস্ত হয়েছে৷
কাটাখালী জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চাচড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম বলেন, হঠাৎ ঝড়ে তাঁদের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের চাল ও বেড়া উড়ে গেছে৷ তাঁর খামারের সব গাছপালা ভেঙে গেছে৷ দক্ষিণ চাচড়া এবতেদায়ি মাদ্রাসার চালও উড়ে গেছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে৷
চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্যাহ জসিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন৷ ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি৷