বরগুনা ও ভোলায় ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও ভোলায় গত বৃহস্পতিবার গভীর রাতে ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ। তবে এতে কেউ হতাহত হয়নি।

বরগুনার তালতলী উপজেলার তিনটি গ্রামের ওপর দিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঝড় বয়ে যায়। গ্রামগুলো হলো সোনাখালী, তালতলী বন্দর ও তুলাতলী। প্রায় ১০ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামগুলোর শতাধিক ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

 তালতলী বন্দরের বাসিন্দা শামিম মিয়া প্রথম আলোকে বলেন, প্রবল বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে তালতলী, সোনাখালী ও তুলাতলী গ্রামের আফজাল মাঝি, বাবুল মিয়া, ছালাম মিয়া, আবুল বাসার, মোকলেস তালুকদার, নিজাম খলিফা, কামাল হোসেনের টিনের ঘরসহ ১০০ থেকে ১২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম বলেন, ঝড়ে গ্রামের বাসিন্দাদের বসতঘরসহ শতাধিক ঘরদোর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৈছিফ আহম্মেদ বলেন, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলা প্রশাসনের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ভোলার মনপুরা উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে ঝড় হয়। এতে অর্ধশতাধিক টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। মনপুরা ইউনিয়নের কলাতলী চরের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায় বলে স্থানীয় ব্যক্তিরা জানান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাজির হাট ইউনিয়নের চর যতীন ও সোনার চর গ্রামে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাব কাটতে না কাটতেই হঠাৎ করে ওই ঝড় হয়। এতে চর যতীন গ্রামের আ. গফুর মিয়া, আ. রব, মো. মিজান এবং সোনার চর গ্রামের রিপন চন্দ্র দাস, কর্তা চন্দ্র দাস ও মনপুরা ইউনিয়নের ঢাল চরের মো. মহিউদ্দিনের ঘর, মহিমা বেগম, হাজেরা বেগম, কর্তাচন্দ্র দাস, লিপস চন্দ্র দাস, চরজ্ঞান গ্রামের মো. রফিকেরসহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া উত্তর চর যতীন জামে মসজিদের চালের টিন উড়ে গেছে। কয়েক শ গাছপালা ভেঙে গেছে।

মনপুরা ইউনিয়নের দুর্গম কলাতলীর চরে ঝড়ের আঘাতে ১২টি ঘর বিধ্বস্ত হয়েছে। মনপুরা ইউপি সদস্য মো. ছালাহউদ্দিন বলেন, হঠাৎ ঝড়ের আঘাতে চরের অধিকাংশ ঘরের ক্ষতি হয়েছে। তার মধ্যে মাকসুদ, তরিকুল ইসলাম, সবুজ মাঝি, জাহানারা বেগম, ছালাউদ্দিন মাঝি, জাহাঙ্গীর মাঝির ঘরের চাল ও বেড়া উড়ে গেছে।

চর যতীন গ্রামের আ. গফুর মিয়া বলেন, তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড়ের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রচণ্ড বাতাসে তাঁদের ঘরের চাল সম্পূর্ণ উড়ে যায়।

সোনার চর গ্রামের রিপন চন্দ্র দাস বলেন, ঝড়ে টিনের চাল উড়ে যায়। এরপর বৃষ্টিতে তাঁর বসতঘরের সব মালামাল ভিজে গেছে। সারা রাত ঘরের কোণে বসে কাটিয়েছেন। ইউএনও মো. সোহাগ হাওলাদার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।