বরগুনা ও সুনামগঞ্জে কম্বল পেলেন আরও ২৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো স্ট্রাস্টের পক্ষ থেকে বরগুনা ও সুনামগঞ্জে গত বৃহস্পতি ও শুক্রবার শীতার্ত মানুষদের মধ্যে ২৩০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা দুই দিনে ১৩০ জনের হাতে একটি করে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা চারুশিল্পী মাসউদ সিকদার, সভাপতি সুশান্ত পোদ্দার, সাধারণ সম্পাদক রানা তালুকদার, আবদুল আলীম, সুদীপ্ত, আল আমিন, পূর্ণিমা রায় প্রমুখ।
কম্বল পাওয়ার পর সদর উপজেলার খাজুরতলা গ্রামের ঊর্মিলা গাইন (৬৫) নামের এক নারী বলেন, ‘ঘরের বেড়া ভাঙাচুরা। শীত পড়ছে পর হইতে এত কষ্ট পাই যে প্রায় রাইতেই ঘুমাইতে পারি না। একখান কম্বল পাইছি, এহন অন্তত রাইতে একটু ঘুমাইতে পারমু।’
লাকুরতলা গ্রামের খাদিজা বেগম নামের আরেক গৃহবধূ বলেন, ‘ছোট্ট তিনডা মাইয়্যা-পোলা লইয়্যা শীতে হারা রাইত কষ্ট পাই। একটু গরম কাপুড়ের লইগ্গা কত জাগায় ঘুরছি। কেউ দেয় নায়। আপনেরা যে কম্বল দেছেন এইডা আমাগো খুব উপকারে আইবে।’
এদিকে গতকাল সুনামগঞ্জ শহর ও শহরতলির ১০০ হতদরিদ্র মানুষের মধ্যে একটি করে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এর আগে বন্ধুসভার সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরে হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরি করেন। ওই তালিকা অনুযায়ী কম্বল বিতরণকালে সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা এনাম আহমদ, স্থানীয় দৈনিক পত্রিকা সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ দে, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমদ, সহসভাপতি এ আর জুয়েল, সাধারণ সম্পাদক সামির পল্লব, সাংগঠনিক সম্পাদক ফারজিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বাঁধনপাড়ার ফরিদা বিবি (৬০) বলেন, ‘ইবার খুব ঠান্ডা পড়ছে। রাইতে ঘুমাইতে কষ্ট অয়। এই কম্বলে খুব উপকার অইব।’
মুহাম্মদপুর এলাকার তৈমুছ আলী (৫২) বলেন, ‘আমি গবির মানুষ। সারা দিন কাম কইরা যে টেকা পাই, তা দিয়া তিনবেলা খাইতাম পারি না। আপনারার কম্বল পাইয়া বড় খুশি অইছি।’
এ নিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জে ১৫০ জন হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হলো।