বরগুনা ও পটুয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসে গত ২০ এপ্রিল পর্যন্ত শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ২৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই এ হাসপাতালে গড়ে ২০ জন করে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। আর পটুয়াখালীতে গত এক মাসে ৬৬৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী সরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছে।
গতকাল সোমবার বরগুনা জেনারেল হাসপাতালে সরেজমিন দেখা যায়, ওয়ার্ডগুলোতে ডায়রিয়া রোগীদের স্থান সংকুলান না হওয়ায় মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরগুনা সদরের কড়ইতলা গ্রামের ডায়রিয়া রোগী নজরুল ইসলাম হাসপাতালে ভর্তির পর জানান, সোমবার সকালে ভর্তি হওয়ার পর কোনো চিকিৎসকের দেখা পাননি।
বড় লবণগোলা গ্রামের হালিম (২৫) জানান, গত রোববার রাতে ভর্তি হওয়ার পর বাইরে থেকেই স্যালাইন কিনছেন। হাসপাতালের মেঝেতে ঠাঁই হয়েছে। এমনি অসুস্থ মানুষ। দুর্গন্ধে আরও অস্থির হয়ে যাচ্ছেন।
হাসপাতালের কর্মকর্তারা জানান, এখানে ১০ শয্যার একটি ডায়রিয়া ওয়ার্ড থাকলেও রোগীদের এত চাপ যে স্থান সংকুলান হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
চিকিৎসক কামরুল ইসলাম ডায়রিয়া এড়াতে নিরাপদ পানি ব্যবহার, পচা-বাসি খাবার না খেতে এবং ডায়রিয়ায় আক্রান্ত হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন। বরগুনার সিভিল সার্জন রুস্তম আলী বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
এদিকে গত রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় সরেজমিনে পটুয়াখালী জেনারেল হাসপাতালে দেখা যায়, শয্যা না পেয়ে ডায়রিয়া ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী মেঝেতে ঠাঁই নিয়েছেন। সেখানে ২৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান বলেন, লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকা এমনিতেই ডায়রিয়াপ্রবণ। তার ওপর গ্রীষেঞ্চর তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে।
তিনি আরও জানান, গত মাসের মাঝামাঝি শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দেয়। তবে হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ রয়েছে।
সিভিল সার্জন নওশের আলী জানান, ডায়রিয়া মোকাবিলায় জেলার ৭২টি ইউনিয়নে ১১০টি চিকিৎসা দল কাজ করছে।