বরগুনা-পটুয়াখালীতে সেবা দিচ্ছে সরকারি কৃষি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় আছে সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও ৯৮.৮ এফএম। ছবি: সংগৃহীত
বরগুনায় আছে সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও ৯৮.৮ এফএম। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণাঞ্চলের বরগুনার একটি উপজেলা আমতলী। এখানে আমতলী সরকারি কলেজের উত্তর পাশে ৩২ মিটার দীর্ঘ আকাশছোঁয়া অ্যান্টেনা মাথা ঁউচু করে জানান দেয়, কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের পরিচালনায় সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও ৯৮.৮ এফএমের উপস্থিতি। এর স্লোগান হচ্ছে, ‘আমার রেডিও আমার কথা বলে’। অর্থাৎ ‘মোগো রেডিও মোগো কতা কয়’।

২০০৯ সালের মাঝামাঝি কৃষি রেডিওর প্রাথমিক কাজ শুরু হয়। পুরো ২০১০ কৃষি রেডিওর স্থাপনা, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণের কাজ চলতে থাকে। ২০১২ সালের ১ জানুয়ারি কৃষি রেডিও ৯৮.৮ এফএমের আনুষ্ঠানিক প্রথম সম্প্রচার শুরু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি ৯ বছর পূর্ণ হয়েছে কৃষি রেডিও ৯৮.৮ এফএমের। নবম বছরের চার মাস অতিক্রম করতে চলেছে। কৃষি রেডিওর সম্প্রচার এলাকা ২টি জেলার ১২টি উপজেলায়। এর মধ্যে বরগুনার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী ও পাথরঘাটা। পটুয়াখালীর পটুয়াখালী সদর, কলাপাড়া, গলাচিপা, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, দশমিনা ও দুমকি উপজেলা।

কৃষি রেডিওর তথ্যভান্ডার থেকে জানা গেছে, এর শ্রোতার সংখ্যা দুই লাখের বেশি। শ্রোতার সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রচার কার্যক্রম নিয়ে কথা বলেছিলাম কৃষি রেডিওর অনুষ্ঠান প্রযোজক শামীম মৃধার সঙ্গে। তিনি জানালেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কৃষি রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই আট ঘণ্টায় লাইভ (সরাসরি) , রেকর্ড অনুষ্ঠান, সংবাদ, ম্যাগাজিন অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে থাকে। এসবই করছেন কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা–কর্মচারী এবং একঝাঁক খুদে স্বেচ্ছাসেবক।

কমিউনিটি রেডিও কৃষি রেডিও ৯৮.৮ এফএমে কৃষির যাবতীয় তথ্য তুলে ধরা হয়। ছবি: লেখক
কমিউনিটি রেডিও কৃষি রেডিও ৯৮.৮ এফএমে কৃষির যাবতীয় তথ্য তুলে ধরা হয়। ছবি: লেখক

জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষি রেডিও স্থাপিত হয়েছে। ২০১২ সালে তাদের সহায়তা কার্য প্রাথমিক নিয়মানুসারে কৃষি রেডিওর সেন্টার থেকে ১৭ কিলোমিটারের ব্যাসার্ধ এলাকার শ্রোতারা কৃষি রেডিও শুনতে পান। এমনটাই জানালেন কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার।

কৃষি রেডিওর চাহিদা অনুসারে এটিকে আরও বাড়িয়ে ৩০ থেকে ৩৫ কিলোমিটার ব্যাসার্ধের বেশি শ্রোতা শোনার উপযুক্ত করা হয়েছে।

কৃষি রেডিওর স্ক্রিপ্ট রাইটার শাহনাজ পারভিন বলছিলেন, ‘কৃষি রেডিও প্রাথমিক আবশ্যকীয় কিছু কাজ এবং কর্মসূচির সহযোগিতা পেলে পল্লির জনগণের কণ্ঠস্বর হবে। মানুষের স্বপ্ন আকাশছোঁয়া, কৃষি রেডিও নিয়ে আমাদের স্বপ্ন অনেক বিস্তৃত। কিন্তু এযাবৎ অনেক দৈন্য ও সীমাবদ্ধতা, কষ্ট, যন্ত্রণা, বেদনা, মাঝেমধ্যে হতাশাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পূর্ণতার ষোলো কলা পূর্ণ না করতে পারলেও আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, অস্বচ্ছ, অসৎ, অনাগ্রহী, দায়িত্বহীন হইনি। থেমে যাইনি এক মুহূর্তের জন্য। তিক্ততা, বঞ্চনা, অসহযোগিতায় নিজেদের শ্রমের ফোঁটায় ফোঁটায় বিন্দু বিন্দু ইতিহাসের অংশটুকুকে সঞ্চিত করে আলোতে নিয়ে আসার অসাধ্য চেষ্টা চালিয়ে সফল হয়েছি। দায় নিয়ে, পবিত্র দায়িত্ব নিয়ে নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সচেষ্ট থেকেছি অহর্নিশ। কৃষি রেডিও আগামী সোনালি দিনে ২৪ ঘণ্টা কাঙ্ক্ষিত অবয়বে চাহিদাভিত্তিক অনুষ্ঠান সার্বিক ও সুষ্ঠুভাবে সম্প্রচার করবে।’

সর্বোপরি বলতেই হয়, কৃষি রেডিওর জয় হোক। এর এরিয়া ফুলে-ফলে, শস্য-শ্যামলে, কল্যাণে- মঙ্গলে, সুখে-শান্তিতে এবং সব সুন্দরের মহিমায় ভরে উঠুক।