বরগুনা পৌর এলাকায় খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের অধিকাংশ গভীর নলকূপে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানি ওঠে না। এ কারণে শহরজুড়ে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শহরে পানি সরবরাহের জন্য চলতি বছরের শুরুর দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাঁচটি নতুন পাম্পহাউস স্থাপন করে। এসব পাম্প চলাকালে অধিকাংশ নলকূপে পানি আসে না।
বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান বলেন, পৌর শহর এলাকায় পানি সরবরাহের জন্য নতুন পাঁচটি পাম্প ভূগর্ভস্থ ৯৫০ থেকে ৯৭০ ফুট স্তরে বসানো হয়েছে। আর গভীর নলকূপগুলোও একই স্তরে হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার পানি সরবরাহ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পৌরবাসীর সুপেয় পানির চাহিদা পূরণে ৫৫৬টি গভীর নলকূপ রয়েছে। এ ছাড়া তাদের দৈনন্দিন পানির চাহিদা মেটাতে ছয়টি বড় ধরনের পাম্পহাউস ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল। কিন্তু ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে চলতি বছরের শুরুর দিকে নতুন করে আরও পাঁচটি পাম্পহাউস স্থাপন করা হয়। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন এই পাঁচটি পাম্প চালু হওয়ার পর থেকে তাদের গভীর নলকূপগুলোতে আর পানি উঠছে না।
শহরের কাঠপট্টি, বাগানবাড়ী, কলেজ রোড, কলেজ ব্রাঞ্চ রোড, নাথপট্টি, ডিকেপি রোড, কালীবাড়ি, সদর রোড, থানাপাড়া, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকার কয়েক শ গভীর নলকূপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানি ওঠে না। রাত ১২টায় এসব পাম্প বন্ধ করা হয়। এর প্রায় এক-দেড় ঘণ্টা পর নলকূপগুলো থেকে অল্প অল্প করে পানি পড়ে।
গত রোববার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় গিয়ে দেখা যায়, ১০-১৫ জন লোক কলসি ও বালতি হাতে একটি গভীর নলকূপের কাছে দাঁড়িয়ে আছেন। দুই ব্যক্তি নলকূপের হাতলে চাপ দিয়ে পানি তোলার চেষ্টা করছেন। পরে একজন বালতিতে পানি এনে নলকূপের পাম্পে ঢালেন। তাতেও কোনো কাজ হয়নি। পরে খালি হাতে সবাই বাড়ি ফিরে যান।
কাঠপট্টি এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের এখানে পৌরসভার পানি সরবরাহের পাম্পমেশিনটি চালু করার পর থেকেই নলকূপে পানি উঠছে না। পাম্পটি সকাল আটটার দিকে চালু করে রাত ১২টা পর্যন্ত চলে। এরপর রাত একটার দিকে অনেক চেষ্টা করে নলকূপে পানি ওঠে। এ কারণে দীর্ঘদিন ধরে আমরা খাওয়ার পানির কষ্টে আছি।’ প্রায় একই কথা বলেন ওই এলাকার মনিরুজ্জামান, কবির হোসেন, মমতাজ বেগম।
কহরের ডিকেপি রোড এলাকার বাসিন্দা গোলাম রসুল বলেন, ‘চার-পাঁচ মাস ধরে এই এলাকার কোনো নলকূপেই পানি উঠছে না। এ জন্য এখানে খাওয়ার পানির জন্য হাহাকার চলছে। কয়েক কিলোমিটার দূর থেকে প্রতিদিন অনেক কষ্টে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ডিকেপি রোড এলাকায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকলেও এখানে পানি সরবরাহ করা হচ্ছে গভীর নলকূপের সাহায্যে স্থাপিত পাম্প দিয়ে। এ কারণে আমাদের এত ভোগান্তি পোহাতে হচ্ছে। পৌরসভার পানি সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এই সমস্যার কথা বেশ কয়েকবার জানিয়েও কোনো ফল পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন যে পাঁচটি পাম্প স্থাপন করা হয়েছে, সেগুলোর স্তর এবং গভীর নলকূপগুলোর স্তর একই হওয়ায় এই সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালু করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। প্ল্যান্টটি চালু করলে প্রচুর বিদ্যুৎ বিল ওঠে বলে কয়েক মাস ধরে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এটি চালু না করলে শহরে খাওয়ার পানির সংকট আরও প্রকট হয়ে উঠছে।’