বরগুনা পৌরসভার নয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
আসন্ন পৌর নির্বাচনে বরগুনা পৌরসভার নয়টি কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা এসব কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
সে অনুযায়ী এসব কেন্দ্রে নির্বিঘ্নে ভোটদানের জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯৭৩ সালে গঠিত বরগুনা পৌরসভাটি ২০০০ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। এখানে ভোটারের সংখ্যা ২২ হাজার ৫৮ জন। মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি গোয়েন্দা সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন ১৪ ডিসেম্বর বরগুনা সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের উঠান বৈঠকে হামলা ও নির্বাচনী প্রচারণা চলাকালীন উত্তেজনার কারণে জনমনে সুষ্ঠু ভোট নিয়ে এক ধরনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। ফলে সদরের সব কটি ভোট কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বরগুনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি স্বীকার করে বলেন, ‘সদরের সবগুলো কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন এসব কেন্দ্রে ভোটদান নির্বিঘ্ন করতে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে, সেসব বিষয়ে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হবে। আমরা এখনো সেই নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার পর সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’