বরগুনা শহরে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে
বরগুনাকে ১৯৯৮ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হলেও দীর্ঘদিনে শহরের পয়োনিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন হয়নি। পয়োনিষ্কাশনের জন্য শহরের নালাব্যবস্থা অপ্রতুল হওয়ায় শহরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। শহরের যেখানে-সেখানে ঝুলছে কাঁচা পায়খানা।পৌরসভা সূত্রে জানা যায়, বরগুনা শহরকে শতভাগ কাঁচা পায়খানামুক্ত করার জন্য ১৯৯২ সালে একটি প্রকল্পের কাজ শুরু করে পৌরসভা। কিন্তু ১৭ বছরেও সে কাজ সফল হয়নি। বর্তমানে এই কার্যক্রম ঢিমেতালে এগোচ্ছে। পর্যাপ্ত নালা ও ডাস্টবিন না থাকায় গোটা শহরে পরিবেশদূষণ ঘটছে। যেসব পরিবার পাকা পায়খানা ব্যবহার করে তাদের অধিকাংশ ঘরবাড়িতে সেপটিক ট্যাংকের সংযোগ নালা, খাল ও উন্মুক্ত জলাশয়ের সঙ্গে যুক্ত। ফলে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভেঙে পড়েছে।২০০৭ সালের জরিপ অনুযায়ী বরগুনা পৌরসভায় পাঁচ হাজার ৬৪৭টি পরিবার রয়েছে। এসব পরিবার চার হাজার ৭৯৩টি পায়খানা ব্যবহার করে। এর মধ্যে চার হাজার ২৭৯টি স্বাস্থ্যসম্মত ও ২৬৪টি অস্বাস্থ্যকর। তবে বর্তমানে পৌর এলাকায় কত পরিবার বসবাস করছে তার কোনো পরিসংখ্যান পৌরসভার স্বাস্থ্য বিভাগে নেই।পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে বর্তমানে ৫৮ কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে ২৪ দশমিক ১৩ কিলোমিটার পাকা ও ৩৩ দশমিক ৭৮ কিলোমিটার কাঁচা। পাকা নালার অর্ধেকই ভাঙাচোরা ও ব্যবহার-অনুপযোগী। আর শহরে ডাস্টবিনের সংখ্যা পৌরসভার নথিপত্রে পাওয়া যায়নি। ১৯৯২ সালে বেশকিছু অপরিসর ডাস্টবিন নির্মাণ করার পর নতুন করে আর নির্মাণ করা হয়নি। আগেরগুলো ভেঙেচুরে দখল করে নিয়েছে অবৈধ দখলদারেরা।শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মূল শহরের অনেক স্থানেই বাসিন্দারা কাঁচা পায়খানা ব্যবহার করছে। শহরের কেন্দ্রস্থল বাগানবাড়ি এলাকার রংধনু ক্লিনিকের পশ্চিম পাশে দুটি বাড়ির বাসিন্দারা কাঁচা পায়খানা ব্যবহার করায় ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। একইভাবে শেরেবাংলা রোড ও নাথপট্টি এলাকার প্রায় ৪০০ পরিবারের পায়খানার সেপটিক ট্যাংকির সংযোগ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নাথপট্টি লেকের সঙ্গে সংযুক্ত থাকায় লেকের পানি দূষণের পাশাপাশি সেটি মশা-মাছির উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম বলেন, পৌর এলাকায় প্রতিদিন মানুষের চাপ বাড়ছে। কিন্তু পৌরসভার সামর্থ্য তেমন বাড়ছে না। তিনি বলেন, পৌর এলাকায় এখন নালার আয়তন অনেক বৃদ্ধি করা দরকার। এ জন্য মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। ভবিষ্যতে যেসব প্রকল্প বাস্তবায়িত হবে, সেগুলো এই পরিকল্পনার আওতায়ই হবে।