বরগুনা শহরের আট হাজার গ্রাহকের নিত্য ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বিদ্যুৎ বিভাগের সেবার মান নাজুক পর্যায়ে নেমে যাওয়ায় শহরের প্রায় আট হাজার গ্রাহক প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, কোনো ত্রুটি দেখা দিলে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের গ্রাহকসেবা কেন্দ্রে অভিযোগ করেও কাজ হয় না। তবে বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, লোকবল সংকটের কারণে গ্রাহকসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাত্র তিনজন লাইনম্যান দিয়ে বিপুলসংখ্যক গ্রাহকের সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে। বরগুনা বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, পিডিবিকে কোম্পানিতে রূপান্তরের আগে বরগুনা শহরের তিন হাজার গ্রাহকের সেবা দেওয়ার জন্য এই কার্যালয়ে ৪৩টি (প্রকৌশলী বাদে) পদ ছিল। ২০০৭ সালের ১৬ ডিসেম্বর পিডিবি থেকে বেসরকারি কোম্পানি পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের (ওজোপাডিকো) হাতে দেওয়ার পর ৪৩টি পদের বিপরীতে ১৭টি পদ সৃষ্টি করা হয়। ১১ জন সাহায্যকারীর (লাইনম্যান) জায়গায় মাত্র তিনজনের পদ সৃষ্টি করা হয়। বরগুনা বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা যায়, গ্রাহকদের অভিযোগ গ্রহণ করার জন্য সেখানে একজন নৈশপ্রহরী এই দায়িত্ব পালন করছেন। তিনি গ্রাহকদের টেলিফোন ধরলেও অভিযোগের খাতায় গ্রাহকদের নাম-ঠিকানা, অভিযোগ কোনো কিছুই লিখতে পারেন না। সুলতান মিয়া নামে ওই ব্যক্তি বলেন, ‘আমি নৈশপ্রহরী। লেখাপড়া জানি না।’ ডিকেপি সড়কের বাসিন্দা গোলাম রাসুল বলেন, ‘বাড়ির বিদ্যুৎ সংযোগে ত্রুটি হওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়ে কোনো ফল পাইনি। পরে অফিসে গিয়ে দেখি আমার অভিযোগ খাতায় লেখা হয়নি। বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ বি এম গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। এসে অনেক সমস্যার কথা শুনছি। লোকবলের সংকটে গ্রাহকসেবা অনেকটা ব্যাহত হচ্ছে। আমি এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃক্ষকে অবহিত করেছি।’