বরগুনা শহরের প্রতিটি প্রবেশপথে পুলিশের তল্লাশিচৌকি

সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ রোধে জনসমাগম এড়ানো এবং বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে বিভিন্ন জেলা লকডাউন করা হয়েছে। এরপরও বাইরের লোকজনের প্রবেশ ঠেকানো যাচ্ছে না। তাই বরগুনাকে সুরক্ষিত রাখতে শহরের প্রতিটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মারুফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাড়া–মহল্লা এবং অলিগলির সড়ক দিয়ে পৌরসভার বাইরের লোকজন পৌর শহরে ঢুকে জনসমাগম করছেন। এ ছাড়া দূর থেকে মোটরসাইকেল ও রিকশায় করে লোক এসে শহরে জড়ো হচ্ছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই বরগুনা পৌরসভার সহায়তায় প্রতিটি প্রবেশপথে গেট স্থাপন করা হয়েছে। এসব গেটে ২৪ ঘণ্টা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এটা সরাসরি তদারক করবে বরগুনা জেলা পুলিশ।
পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ‘আমাদের এ উদ্যোগ আর কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতা বরগুনা শহরে জনসাধারণ এবং যানবাহনের অপ্রয়োজনীয় চলাচল হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে জনসমাগম বন্ধ হওয়ার পাশাপাশি শহরের মানুষের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিও কমবে।’