বরগুনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মো. হালিমের সমর্থন করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নলটোনা ইউনিয়নের সোনাতলা এলাকায় কয়েক ব্যক্তির দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একই দিন বিএনপির সমর্থকেরা বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর চার সমর্থককে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, সোমবার বরগুনা সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আলমগীর বিশ্বাস এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান সিকদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সোনাতলা এলাকায় যান। এ সময় তাঁরা স্থানীয় ওমর আলী, জসিম উদ্দিন এবং নাসির উদ্দিনের মুদি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করেন। পরে তাঁরা একই এলাকার বেল্লাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এরপর তাঁরা জাহাঙ্গীর হোসেনের একটি মাছ ধরা ট্রলার ভাঙচুর করেন এবং আফজাল হোসেন নামের এক জেলের মাছ ধরার জাল আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ ছাড়া হজরত আলী ও মোস্তফা নামের বিএনপির দুজন সমর্থককেও মারধর করেন তাঁরা।
অভিযোগ অস্বীকার করে শাহ আলম বলেন, নির্বাচনের দিন সোনাতলা এলাকায় মারামারির ঘটনা ঘটে। এরপর সেখানে কিছুই হয়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী গতকাল দুপুরে বলেন, সোনাতলা এলাকায় হামলার খবর পেয়ে সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে পাথরঘাটা উপজেলার ছাহেরাবাদ গ্রামে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপি-সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির ছয়-সাতজন সমর্থক আওয়ামী লীগের চার সমর্থককে কুপিয়ে আহত করেন। গুরুতর জখম হওয়া ইয়াহিয়া তালুকদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. কাইউমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি, তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’