বরগুনা হাসপাতালে ১০ জন চিকিৎসক নিয়োগের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেনারেল হাসপাতালে শিগগিরই ১০ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম গত মঙ্গলবার এ কথা জানান। জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, “গত সোমবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘বরগুনার গাইনি বিশেষজ্ঞসহ তিনজন চিকিৎসককে বদলি করায় মানববন্ধন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবুল হাসনাত কয়েক দফা ফোন করে খোঁজখবর নেন।” আবুল হাসনাতের উদ্ধৃতি দিয়ে সিভিল সার্জন জানান, সোমবারই পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে বরগুনা হাসপাতালে বদলি করা হয়েছে। এ ছাড়া ১ ডিসেম্বর পাঁচজন চিকিৎসা কর্মকর্তা হাসপাতালে যোগ দেবেন। তবে এ-সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ মঙ্গলবার পর্যন্ত বরগুনায় এসে পৌঁছায়নি বলে তিনি জানান। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাসপাতালের একমাত্র গাইনি বিশেষজ্ঞ আকবর হোসেন, চিকিৎসা কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাদিকুর রহমান আকন্দকে গত সপ্তাহে বদলি করা হয়। গাইনি চিকিৎসক না থাকা এবং চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। এর প্রতিবাদে গত রোববার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।