বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনে দেওয়া হলমনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনেছেন।
গত শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে দেলোয়ার এসব অভিযোগ করেন। এ সময় বরগুনা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, আইনজীবী দারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে পোলিং-প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শুক্রবার সকালে ও শনিবার রাতে দুই দফা বৈঠক করেন। এসব বৈঠকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
দেলোয়ার অভিযোগ করেন, ধীরেন্দ্র দেবনাথ ক্ষমতার দাপটে একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ হলেও তাঁর স্ত্রী মাইক ব্যবহার করে আমতলীতে জনসভা করেছেন। এ ব্যাপারে আমতলী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি পুলিশ দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি সদরের গৌরীচন্না বাজারের একটি নির্বাচনী জনসভায় সাংসদ শম্ভু আমার সমর্থক নেতা-কর্মীদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। সদরের বুড়িরচর ইউনিয়নে আমার কর্মীরা পোস্টার লাগাতে গেলে শম্ভুর ভায়রা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তাঁদের মারধর করেন। এভাবে গোটা নির্বাচনী এলাকায় প্রশাসন ও ক্যাডার বাহিনী দিয়ে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন।’
হলফনামার প্রসঙ্গ টেনে দেলোয়ার হোসেন বলেন, সাংসদ শম্ভু এবার নির্বাচন কমিশনে যে সম্পদ বিবরণী দিয়েছেন, তা আংশিক। কেননা বরগুনায় তাঁর নিজের তিনটি বাড়ি, গুলশানে তাঁর স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি, তিনটি দামি গাড়ি থাকার পরও তাঁর সম্পদ কীভাবে এক কোটি ৩২ লাখ টাকা হয়, সেটা বোধগম্য নয়। বাস্তবতা হলো, এই পাঁচ বছরে তাঁর (শম্ভুর) আয় ও সম্পদ বেড়েছে ২০০ গুণের বেশি। এ ছাড়া হলফনামায় তিনি আইন পেশা থেকে আয় দেখিয়েছেন। অথচ তিনি গত পাঁচ বছরে কোনো দিন আদালতে যাননি।
অভিযোগ প্রসঙ্গে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘সংবাদ সমেঞ্চলনের বিষয়ে আমি শুনেছি। তবে আমি আচরণবিধি লঙ্ঘন করিনি। তিনি যদি এটা মনে করেন, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারেন কিংবা আমার বিরুদ্ধে মামলা করতে পারেন।’