বরগুনা-২ আসনে ভোট গ্রহণ আজ
বরগুনা-২ ( বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার তিনজন। ৯৬টি ভোটকেন্দ্রে ৫২৮টি কক্ষে একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে একজন উপরিদর্শক (এসআই), একজন সহকারী উপরিদর্শকসহ (এএসআই) ২৭ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এপিবিএনের সমন্বয়ে সাদাপোশাকে একটি করে ভ্রাম্যমাণ বাহিনী, প্রতি তিন ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ২০টি দলে ৩০০ র্যাব সদস্য, প্রতি উপজেলায় দুই প্লাটুন করে ছয় প্লাটুন বিজিবি ও কোস্টগার্ডের তিন প্লাটুন নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া ১৫ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে ১৫টি ও চারজন বিচারিক হাকিমের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন।