বরগুনা-২ আসনে দুপুর পর্যন্ত ৪০ ভাগ ভোট পড়েছে
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোটারের উপস্থিতি কম। জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, বেলা দুইটা পর্যন্ত ৪০ ভাগ ভোট পড়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। ভোট চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
মাঠপর্যায় ঘুরে দেখা গেছে, পাথরঘাটা উপজেলায় দুপুর পর্যন্ত ৫৫ ভাগ, বেতাগী ও বামনা উপজেলায় ২০-২৫ ভাগ ভোট পড়েছে। বেতাগী উপজেলার তালগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে জানা যায়, সেখানে তিন হাজার ২৬৭ ভোটের মধ্যে বেলা দুইটা পর্যন্ত ভোট পড়েছে ৭৯৬ ভোট। তবে পাথরঘাটা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোটারের উপস্থিতি বেশি। পাথরঘাটা ছোট নাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দুই হাজার ৪৬ ভোটের মধ্যে বেলা দুইটায় এক হাজার ৫০টি ভোট পড়েছে। এ ছাড়া নাচনাপাড়া, রায়হানপুর, চরদুয়ানি, কাঁকচিড়া , কাঁঠালতলী, কালমেঘা—এ ছয়টি ইউনিয়নে বেলা দুইটার মধ্যে প্রায় ৫৫ ভাগ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কর্মকর্তারা জানিয়েছেন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে বেতাগী শহরের পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, তালগাছিয়া কেন্দ্র, খোন্তাকাটা লক্ষ্মীপুরা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র, পাথরঘাটার কাঁকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ারের সমর্থকদের ভোট দিতে বাধাদান, ব্যালটে দেখিয়ে সিল দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। বেতাগীর তালগাছিয়া প্রাথমিক বিদ্যালয়, খোন্তাকাটা লক্ষ্মীপুরা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ইসলামী আন্দোলনের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হান্নান এসব অভিযোগ করেন। এ ছাড়া পাথরঘাটার কাঁকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ইসলামী আন্দোলনের কর্মী ও ভোটারদের দেখিয়ে সিল দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বশির সিকদার। তিনি অভিযোগ করেন কাঁকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে এসব করা হচ্ছে। তবে হুমায়ুন কবির এসব অভিযোগ অস্বীকার করেন।
এদিকে বিএনপি নির্বাচন বর্জন করে কোনো প্রার্থী না দিলেও ভোটকেন্দ্রগুলোয় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে বেশির ভাগ এজেন্টই ছিলেন বিএনপির কর্মী ও সমর্থকেরা। বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদেরও ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থনে ভোটকেন্দ্রগুলোর আশপাশে প্রচার চালাতে দেখা যায়।
সকাল সোয়া নয়টার দিকে মাদারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ এবং জয়ের বাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার সকাল সোয়া আটটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুবর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৩। ৯৬টি ভোটকেন্দ্রে ৫২৮টি কক্ষে একটানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২৭ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এপিবিএনের সমন্বয়ে সাদা পোশাকে একটি করে ভ্রাম্যমাণ বাহিনী, প্রতি তিন ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ২০টি দলে র্যাবের ৩০০ সদস্য, প্রতি উপজেলায় দুই প্লাটুন করে ছয় প্লাটুন বিজিবি এবং তিন প্লাটুন কোস্টগার্ড নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া ১৫ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে ১৫টি ও চারজন বিচারিক হাকিমের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন।
গত ২৬ জুলাই বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর সড়ক দুর্ঘটনায় নিহত হন। এতে আসনটি শূন্য হয়।