বরগুনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ
বরগুনা-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুস সোবহানকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ অক্টোবর ওই আসনে উপনির্বাচন হওয়ার কথা।
আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই আদেশ দেন। আদালতে আবদুস সোবহানের পক্ষে শুনানি করেন আইনজীবী সবির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
৭ সেপ্টেম্বর পদত্যাগী বেতাগী উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুস সোবহানের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ২২ সেপ্টেম্বর ওই আপিল খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত শুনানি নিয়ে রুল জারি করেন। রুলে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওই আসনটির সরকারদলীয় সাংসদ গোলাম সবুর মারা যান।