বরগুনাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।শহরের সদর রোডে বরগুনা জেলা নাগরিক পরিষদ আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান, জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম মোল্লা প্রমুখ।বক্তারা বলেন, সরকারি হিসাবে ঘূর্ণিঝড় মহাসেনে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার মানুষ। ছয় হাজার ৮৬৫টি বসতঘর সম্পূর্ণ ও ৬১ হাজার ৮১২টি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ৭৭ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। লক্ষাধিক পরিবার এখনো পানিবন্দী। এসব মানুষ সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এ অবস্থায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা না দিলে চরম মানবিক সংকট দেখা দেবে। বক্তারা অবিলম্বে এই জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা বলেন, ‘স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। ইতিমধ্যে আমরা মহাসেনে ক্ষয়ক্ষতির বিবরণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। দুর্গত এলাকা ঘোষণার বিষয়টি স্থানীয় প্রশাসনের নয়, সরকারের সিদ্ধান্তের বিষয়।’