বরগুনায় অবৈধ জাল দিয়ে অবাধে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তিনটি নদীর প্রায় ১৮০ কিলোমিটার এলাকাজুড়ে ছোট ফাঁসের অবৈধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করা হচ্ছে। এসব জালে প্রতিদিন ইলিশসহ নানা প্রজাতির বিপুলসংখ্যক মাছের পোনা মারা পড়ছে। অবৈধ গড়াজাল, বেড়জাল, ভাসাজাল ও বেহুন্দিজাল দিয়ে অবাধে পোনা নিধনের কারণে মাছের বংশবিস্তার ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা।
সম্প্রতি সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার চালিতাতলী থেকে সোনাতলা পর্যন্ত পায়রা নদীর দুই পাড়ে প্রায় ৩০ কিলোমিটার এলাকা, তালতলী থেকে তেঁতুলবাড়িয়া হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা, বরইতলা থেকে নলী ও নিশানবাড়িয়া হয়ে সোনাতলা মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এবং বলেশ্বর নদের মোহনা থেকে পশ্চিমে চরদুয়ানি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে কয়েক হাজার জাল দিয়ে প্রতিদিন নির্বিচারে পোনা নিধন করা হচ্ছে।
১৮ জুলাই দুপুরে সদরের বড় বালিয়াতলী এলাকায় গিয়ে দেখা গেছে, বেহুন্দিজালে আটক করা পোনা মাছ নদীর তীরে স্তূপ করে রাখা হয়েছে। সেখানে কয়েকজন নারী অপেক্ষাকৃত বড় মাছগুলো আলাদা করছেন। বড় বালিয়াতলী থেকে ছোট বালিয়াতলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কিলোমিটার বাঁধ ধরে যাওয়ার পথে কমপক্ষে ২০টি স্থানে এ ধরনের দৃশ্য চোখে পড়ে। অসংখ্য পোনা মাছ বাঁধের ঢালে পড়ে থাকতে দেখা যায়। এসব মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বেহুন্দিজাল দিয়ে মাছ ধরছেন কেন জানতে চাইলে বালিয়াতলী এলাকার জেলে আবদুল হাকিম বলেন, ‘সবাই ধরে, আমিও হেইতে ধরি। কেউ তো কিছু কয় না। আমাগো এলাকায় এই রহম পাঁচ শর বেশি নৌকায় বেন্দিজাল দিয়া মাছ ধরে।’
সদর উপজেলার মাছখালী ও ডালভাঙা এলাকায় গিয়ে দেখা গেছে, বিষখালী নদীতে কয়েক শ ছোট নৌকা নিয়ে বেহুন্দি ও ভাসাজাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। নদীর উত্তর পাড়ে পাথরঘাটার বাইনচটকি এলাকায় নদীচরে প্রায় চার কিলোমিটারজুড়ে বেড়জাল পেতে রাখা হয়েছে। মাছখালী এলাকার জেলে সেন্টু মিয়া বলেন, ‘আমাগো জালের ফাঁস ছোট্ট, এইডা ঠিক। কিন্তু এইগুলা কারেন্ট জাল না। অনেকে তো কারেন্ট জাল দিয়া সর্বনাশ করতেছে। আমাগো জালে হেই রহম পোনা মারা পড়ে না।’
বলেশ্বর নদসংলগ্ন পাথরঘাটার পদ্মা গ্রামে গিয়ে দেখা গেছে, নদের মোহনা হরিণঘাটা থেকে উত্তরে চরদুয়ানি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাড়ে বাঁশের খুঁটি গেড়ে তার সঙ্গে ভাসা ও বেড়জাল পেতে মাছ শিকার করছেন জেলেরা। পাশাপাশি স্রোতের মুখে বেহুন্দিজাল পেতেও মাছ ধরছেন তাঁরা। পদ্মা গ্রামের জেলে আবুল কালাম জানান, শুধু পদ্মা গ্রামে প্রায় ৪০০ জেলে বেহুন্দি ও গড়াজাল দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িত।
বরগুনা জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকার ইলিশসহ অন্যান্য মাছ রক্ষার জন্য সাড়ে চার সেন্টিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু বরগুনায় জেলেরা যে জাল ব্যবহার করছেন, সেগুলোর ফাঁসের দৈর্ঘ্য আড়াই থেকে পৌনে তিন সেন্টিমিটার।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, এসব ছোট ফাঁসের জালের অবাধ ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। অচিরেই এটা বন্ধ না হলে দেশের মৎস্য খাতে বিপর্যয় নেমে আসতে পারে।
জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘জনবলসংকটের কারণে আমরা এসব অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। অচিরেই এসবের বিরুদ্ধে প্রশাসনের সহয়তা নিয়ে অভিযান চালাব।’