বরগুনায় আট হাজার হেক্টরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার দুটি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় আট হাজার হেক্টর জমি জলাবদ্ধতার কবলে পড়ায় ওই এলাকার কৃষকেরা গত ছয় বছর ধরে ফসল ফলাতে পারছেন না।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে বরগুনার খাজুরতলা খালের জলকপাটটি (স্লুইসগেট) ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর একটি কপাট চুরি হয়ে যায়। এরপর এখানে কপাট স্থাপন না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে এলাকার ভুক্তভোগী কৃষকেরা জানান।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার গৌরিচন্না ও বদরখালী ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা, উত্তর খাজুরতলা, দক্ষিণ কুমড়াখালী, উত্তর কুমড়াখালী, ফুলতলা, ছোট বদরখালী, সোনারবাংলা, লাকুরতলা, গঙ্গারামসহ ১০টি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। স্থানীয় লোকজন জানান, ওই ১০টি গ্রামের প্রায় আট হাজার হেক্টর জমি বছরের সাত মাসই জলাবদ্ধ থাকে।

দক্ষিণ খাজুরতলা গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, খাজুরতলা খালে খাকদোন নদের মুখে পাউবো নির্মিত স্লুইসগেটটি ২০০৭ সালে সিডরে ভেঙে যায়। এরপর সেটির একটি কপাট চুরি হয়ে গেলে সেই স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে এসব গ্রামের মাঠ-ঘাট তলিয়ে যায়। ভাটার সময় খুব অল্প পরিমাণ পানি নামতে না-নামতেই পুনরায় জোয়ারের পানি ওঠায় এসব এলাকায় বছরের সাত মাসই জলাবদ্ধ থাকে। এ কারণে গত ছয় বছরে এই ১০টি গ্রামের কৃষকেরা আউশ ফলাতে পারেননি। আমনেও চরম মার খেয়েছেন।

গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের পর প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়।

উত্তর কুমড়াখালী গ্রামের কৃষক মাধব চন্দ্র হাওলাদার বলেন, ‘গত ছয় বছর ধইর‌্যা মোরা কোনো ফসল পাই না। আমনের মৌসুমের এক একর জমি চাষ করলে দুই থেকে তিন মণ ধান পাই। এই দিয়া বছরের খোরাকিও অয় না। এ বছর যে অবস্থা মেরা আমনও চাষ করতে পারমু না।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, জলাবদ্ধতার কারণে এসব এলাকার কয়েক হাজার কৃষক আউশ উৎপাদনে মার খাচ্ছেন। আমনের উৎপাদনও গত কয়েক বছরে অর্ধেকের নিচে নেমে এসেছে। সেচখালগুলোয় বাঁধ দিয়ে মাছ ধরায় এবং খাজুরতলা খালের জলকপাট না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হলে স্থায়ীভাবে এসব জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে।’

পাউবোর বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘ক্ষতিগ্রস্ত জলকপাট মেরামতের জন্য অর্থ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বরাদ্দ পেলেই কপাট স্থাপন করা হবে।’