বরগুনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় গত শনিবার ছাত্রদলের সমর্থকদের মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মিজানুর রহমান তালুকদার (৩৫) নামের একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
মিজানুরের বাড়ি আমতলী পৌর শহরে। রামদার আঘাতে মাথাসহ তাঁর শরীরে কয়েকটি গুরুতর জখম হয়েছে। তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের সমর্থক মো. নুহু, মিল্টন, হেলাল ও সুজন তাদেরই এক সঙ্গী জাকারিয়াকে মারধর শুরু করেন। এ সময় টেকনো ড্রাগ নামের ওই ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিজানুর তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা রামদা দিয়ে মিজানুরকে এলোপাতাড়ি কোপান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, এ ঘটনায় মিজানুরের পরিবার ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছে। গতকাল রোববার শাহিন, আলামিন ও জুয়েল নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি হায়াতুজ্জামান মিরাজ জানান, হামলাকারীরা ছাত্রদলের সমর্থক। তবে উপজেলা ছাত্রদলের কোনো পদে তাঁরা নেই।