বরগুনায় গৃহবধূর মুখমণ্ডল ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে এক গৃহবধূর মুখমণ্ডলের এক পাশ ঝলসে গেছে। কমলা বেগম (৩০) নামের ওই গৃহবধূকে গতকাল রোববার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা সদরের আগাপদ্মা গ্রামে শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
কমলা বেগম জানান, তাঁর স্বামী আনসার খান পাথরঘাটা উপজেলা শহরের একটি খাবার হোটেলের মালিক হওয়ায় তিনি সেখানে থাকেন। শনিবার রাতে তিনি দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরের জানালার ফাঁক দিয়ে কে বা কারা তাঁর মুখমণ্ডলে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে তাঁর মুখমণ্ডল ও কপালের বাঁ পাশের অংশ ঝলসে যায়। প্রতিবেশীরা তাঁকে গতকাল ভোরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
আনসার খান অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এর জের ধরে গত মে মাসে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাঁর ধারণা, ওই ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে তাঁর ধারণা, কমলা বেগমের ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, গতকাল সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।