বরগুনায় ঘরে ঘরে আহাজারি
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বরগুনার বিভিন্ন এলাকার ১৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বরগুনা সদরের কালিরতবক গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে নান্না (৩০), বেতাগী উপজেলার বড় মোকামিয়া গ্রামের নান্না হাওলাদার (৩৬) ও পাথরঘাটা উপজেলার কালীপুর গ্রামের বিলকিস বেগম (৪০)। এর মধ্যে প্রথম দুজনের লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিলকিসের লাশ আনার জন্য গতকাল দুপুরে তাঁর স্বজনেরা ঢাকায় গেছেন। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। পরিচয় জানা অপর ১২ জনের গত দুই দিনেও খোঁজ পাওয়া যায়নি। পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী রোডের নূর আলমের স্ত্রী নাসরিন আক্তার (২২) সন্তানসম্ভবা ছিলেন। গত বুধবার সকালে রানা প্লাজার ষষ্ঠ তলায় কাজ করছিলেন তিনি। বোন বিউটি বেগম জানান, রানা প্লাজা ধসের খবর শুনেই বাবা মান্নান খান নাসরিনের মুঠোফোনে ফোন দেন। এ সময় ফোনটি বন্ধ পাওয়া যায়।