বরগুনায় ঝড়ে গাছচাপায় নিহত ১
বরগুনায় গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঝড়ে উপড়ানো গাছের নিচে চাপা পড়ে সৈয়দ আলী (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে আজ ভোর সাড়ে পাঁচটা থেকে বরগুনায় দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। একই সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনায় বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে নদ-নদীর পানি ছয় থেকে সাত ফুট ফুঁসে উঠে জলোচ্ছ্বাস হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এতে বরগুনা শহর তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।
বরগুনার ৩২৪টি আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছে। প্রচুর গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্তের খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরগুনায় পায়রা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বরগুনার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।