বরগুনায় ঝরে যাচ্ছেন নারী উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার ৪৭টি ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের (তথ্যসেবাকেন্দ্র) নারী উদ্যোক্তাদের অধিকাংশ ঝরে পড়েছেন। যাঁরা এখনো আছেন তাঁরাও অনিয়মিত। কম আয় ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে এসব নারী উদ্যোক্তা টিকে থাকতে পারছেন না।
জেলা প্রশাসন সূত্র জানায়, অনলাইনে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য ২০১০ সালের ১৫ নভেম্বর সরকার ইউনিয়ন ও পৌরসভাগুলোতে তথ্যসেবাকেন্দ্র চালু করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এসব কেন্দ্রে সেবা দেওয়ার জন্য একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা নিয়োগ করা হয়। বরগুনা জেলার ৪৩টি ইউনিয়ন ও চারটি পৌরসভা কার্যালয়ে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সেবা নিশ্চিত করতে প্রকল্পের আওতায় কেন্দ্রগুলোতে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফটোকাপি মেশিন, প্রিন্টার ও যাবতীয় আসবাবপত্র সরবরাহ করা হয়। কেন্দ্রগুলোর নারী ও পুরুষ উদ্যোক্তাদের কম্পিউটারের ওপর উচ্চতর প্রশিক্ষণও দেওয়া হয়।
জেলার ছয়টি তথ্যকেন্দ্র ঘুরে ও অন্য ১০টি তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কেন্দ্রে যেসব নারী উদ্যোক্তা শুরুতে নিয়োগ পান তাঁদের অধিকাংশই এখন আর কাজ করছেন না। কেউ এক বছর, কেউ ছয় মাস কাজ করেছেন। এরপর যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁরাও অনিয়মিত। ওই সব কেন্দ্রে নারী উদ্যোক্তারা নিয়মিত কাজ না করলেও বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন উদ্যোক্তার শর্ত পূরণের জন্য ।
জেলার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে শুধু নাচনাপাড়া ইউনিয়ন পরিষদে খাদিজা আকতার নামে একজন নারী উদ্যোক্তা নিয়মিত কাজ করছেন । তিনি বছর দেড়েক আগে এখানে যোগ দিয়েছেন। খাদিজা বলেন, ‘আমার আগে যিনি কাজ করতেন তাঁর বিয়ে হয়ে গেছে। তাই তিনি আর কাজ করেন না। এখানে যে আয় হয়, তা দিয়ে চলা খুব কষ্ট।’
ছয়টি তথ্যকেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তথ্যকেন্দ্রগুলোতে ৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত আয় হয়। সে টাকা কেন্দ্রের দুজন উদ্যোক্তা ভাগ করে নেন।
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে (বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার) গিয়ে দেখা যায়, ইসাহাক হোসেন নামে একজন উদ্যোক্তা কাজ করছেন। তিনি বলেন, রাধা রানী নামে এখানে একজন করতেন। বিয়ে হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আসছেন না। তা ছাড়া এখানে যে পরিমাণ আয় হয় তাতে পোষানো যায় না। তাই কেউ কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। ইসাহাক আরও বলেন, তথ্যকেন্দ্রে ওয়ারিশ ও নাগরিক সনদ দেওয়া এবং জন্মনিবন্ধন কার্যক্রম ছাড়া তেমন কোনো কাজ নেই। কিন্তু কম্পিউটার ও ল্যাপটপ নষ্ট থাকে। ইন্টারনেট ধীরগতির। ফলে আয় হয় না বললেই চলে।
পাথরঘাটা সদর ইউনিয়নের শিরিন আকতার ছয় মাস আগে এখানে উদ্যোক্তা হিসেবে যোগ দিয়েছিলেন। শিরিন বলেন, ‘আমার বাড়ি ইউনিয়ন পরিষদ থেকে অনেক দূরে। আসা-যাওয়া করতে ৬০ টাকা ভাড়া লাগে। যে টাকা পাই তাতে যাতায়াত ভাড়াও ওঠে না। এরপর দুপুরের খাওয়া ও অন্যান্য খরচ তো আছেই। কয়েক দিন কাজ করার পর পোষাতে না পেরে আর তথ্য কেন্দ্রে যাই না।’
নারী উদ্যোক্তাদের ঝরে পড়ার বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। নারী উদ্যোক্তাদের এসব কেন্দ্রে ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।