বরগুনায় ত্রাণের নিম্নমানের টিন বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনা সদরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহ নির্মাণের জন্য নিম্নমানের টিন বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিতরণ করা টিনের গায়ে ৩২ মিলিমিটারের সিল দেওয়া থাকলেও তা ১৯ মিলিমিটার পুরুত্বের বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা ত্রাণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস গত রোববার প্রথম আলোকে বলেন, মহাসেনের আঘাতে জেলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘর মেরামতের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নয় কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে সদরে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের প্রতিটি পরিবারকে ১৮টি (দুই বান্ডিল) ৩২ মিলিমিটার পুরু ঢেউটিন, মচকা, স্ক্র, তারকাঁটা ও নগদ দুই হাজার টাকা করে বিতরণের সিদ্ধান্ত হয়। এ জন্য সদরের বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ বারীকে প্রধান করে একটি ক্রয় কমিটি গঠন করা হয়। সদরের অন্য নয়টি ইউপির নয়জন চেয়ারম্যান এ কমিটির সদস্য। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার জানান, দুই হাজার পরিবারের জন্য ৩২ মিলিমিটার পুরুত্বের চার হাজার বান্ডিল টিন ক্রয় বাবদ ব্যয় দেখানো হয় দুই কোটি ২০ লাখ টাকা। অভিযোগ রয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে টিন দেওয়া হয়েছে, সেগুলোর স্থানীয় বাজারে প্রতি বান্ডিলের মূল্য তিন হাজার ৪০০ টাকা। এতে টিন ক্রয়ে প্রায় ৮৪ লাখ টাকার অনিয়ম হয়েছে। গত শনিবার দুপুরে সদরের বদরখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২২৪টি পরিবারের মধ্যে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী পাওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারফ বয়াতি প্রথম আলোকে জানান, ‘টিন তেমন ভালো না, পাতলা।’ একই ইউনিয়নের সহায়তা পাওয়া দেলোয়ার হোসেন বলেন, ‘শুনছি আমাগো ৩২ মিলি টিন দেওনের কথা। টিনের গায়ে ৩২ মিলি লেখা আছে ঠিকই কিন্তু আসলে এগুলো ১৯ মিলির টিন।’ নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক টিন বিক্রেতা জানান, টিন কেনার জন্য ক্রয় কমিটির কয়েকজন সদস্য তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সদস্যরা ১৯ মিলিমিটার পুরুত্বের টিনের গায়ে ৩২ মিলিমিটার সিল মেরে সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ীরা এতে রাজি না হওয়ায় কমিটি পরে ঢাকা থেকে টিন ক্রয় করে। ব্যবসায়ীরা আরও জানান, যে টিন বিতরণ করা হয়েছে, সেগুলো ১৯ মিলিমিটার পুরুত্বের। স্থানীয় খুচরা বাজারে এ টিন প্রতি বান্ডিল তিন হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করে ক্রয় কমিটির প্রধান এম এ বারী বলেন, যে টিন ক্রয় ও বিতরণ করা হয়েছে, তা মাপে ঠিক আছে। জেলা ত্রাণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘৩২ মিলিমিটার ঢেউটিন দিয়েছে বলে শুনেছি। এর চেয়ে কম পুরুত্বের টিন বিতরণের অভিযোগ পেলে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’