বরগুনায় নতুন করে জলোচ্ছ্বাস, পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ গতকাল বৃহস্পতিবারের বৃষ্টি ও জলোচ্ছ্বাসে আরও বেড়েছে। এদিকে ঘূর্ণিঝড়ে বরগুনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। ত্রাণ তৎপরতার অপ্রতুলতার কারণে তাদের দুর্ভোগ ক্রমে বাড়ছে। সরকারি হিসাবে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের লাখো পরিবার পানিবন্দী অবস্থায় আছে নয় দিন ধরে। তাদের ঘরে খাবার নেই, কাজ নেই, মাথার গোঁজার ঠাঁইও নেই।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গত ব্যক্তিদের জরুরি সহায়তার জন্য চাওয়া বরাদ্দের মধ্যে খুব সামান্যই পাওয়া গেছে। বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা নেই বললেই চলে। পাউবোর কর্মকর্তারা জানান, পূর্ণিমার প্রভাবে উপকূলের নদ-নদীতে গতকাল শুক্রবার বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। পানি বেড়ে যাওয়ায় বরগুনা সদরের ছোট বালিয়াতলী গ্রামসংলগ্ন পায়রা নদীর বাঁধের দুটি স্থানে প্রায় ১০০ ফুট বাঁধ সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, পায়রা নদীর বাঁধ বিলীন হয়ে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, পশ্চিম পাতাকাটা ও বড় বালিয়াতলী গ্রামের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফলে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাদ্যাভাবের পাশাপাশি দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। বড় বালিয়াতলী রাখাইন পল্লিতে গিয়ে দেখা যায়, বুকসমান পানি ভেঙে বেশ কয়েকজন নারী নলকূপ থেকে পানি সংগ্রহ করতে এসেছেন। বালিয়াতলী গ্রামের গৃহবধূ নাসিমা বলেন, ‘ঘূর্ণিঝড়ে ঘর-দুয়ার সব তছনছ অইয়্যা গ্যাছে। খোলা আকাশের নিচে থাহি। বৃষ্টি আইলে মালপত্র সব ভিইজ্যা যায়।’