বরগুনায় নারী পাচারের হোতা গ্রেপ্তার
বরগুনায় নারী ও শিশু পাচারকারী দলের হোতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার রাতে বরগুনা শহর থেকে একটি মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে স্ত্রী, তিন ছেলেমেয়ে ও অপর এক মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে দুটি মামলা এবং আরও কয়েকজন নারীকে বিয়ে করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারের অভিযোগ রয়েছে।
২০১০ সালের ২১ এপ্রিল প্রথম আলোয় ‘তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ’ শিরোনামে রুহুলের স্ত্রী নাসিমা বেগম ও তাঁদের তিন সন্তানসহ নিখোঁজ হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নাসিমার ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জানতাম, স্বামীর সংসারে নাসিমা বেশ সুখেই আছে। রুহুল আমিনের কাছে যখনই ফোন করে নাসিমা ও তাঁর সন্তানদের খোঁজখবর জানতে চাইতাম, তখনই রুহুল বলতেন তিনি বাইরে আছেন। এভাবে তিন বছর কেটে যাওয়ার পর সন্দেহ হলে ২০১০ সালের ১২ এপ্রিল আমার দুই বোন ও এক ভাগ্নে পাথরঘাটার হাড়িটানা গ্রামে রুহুলের বাড়িতে যান। তাঁরা জানতে পারেন, বছর তিনেক আগে রুহুল আমিন নাসিমা ও তিন সন্তান মিতু, শান্ত ও নোমানকে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান।’
মোস্তফা বলেন, ‘ওই বিষয়টি জানাজানি হলে রুহুল গা-ঢাকা দেন। আমাদের ধারণা, রুহুল আমিন নাসিমা ও তাঁর তিন সন্তানকে পাচারকারীচক্রের কাছে বিক্রি করে দিয়েছেন। এরপর ২০১২ সালে রুহুলের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করি।’
একইভাবে ২০০৭ সালে রুহুল আমিন চাকরি দেওয়ার কথা বলে পাথরঘাটার হাড়িটানা গ্রামের হাকিম মোল্লার মেয়ে রুনু আকতারকে (১৮) ঢাকায় নিয়ে যান। এরপর মেয়ের কোনো খোঁজ না পেয়ে হাকিম মোল্লা গত ২ জানুয়ারি রুহুলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। পরে পাথরঘাটা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গত ২ জুলাই মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেন।
একইভাবে পাথরঘাটার রায়হানপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রোজী আকতারকে গত আগস্ট মাসে বিয়ে করেন রুহুল আমিন। রোজী অভিযোগ করেন, তাঁর কাছ থেকে রুহুল স্বর্ণালংকার নিয়ে এক লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে টাকা নিয়ে যান।
সিআইডির বরগুনার পরিদর্শক এসএম এনামুল হক বলেন, রুহুল খুবই ধূর্ত প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে একাধিক বিয়ে এবং অনেক নারী ও শিশুকে পাচার করার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব বিষয়ে মুখ খুলছেন না। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।