বরগুনায় পাঁচ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ত্রাণ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে বরগুনা জেলায় পাঁচ লাখ ১৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এক লাখ ১৭ হাজার ৩০০ মানুষ। আজ শনিবার বরগুনা জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করেছে। তালিকায় এসব তথ্য জানা গেছে।

তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ কম বলে অভিযোগ করেছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ক্ষতিগ্রস্ত অভিযোগ করেছেন, অনেক পরিবার এখনো অনাহারে রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, প্রাথমিকভাবে চাল বিতরণ করে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে জেলায় ছয় হাজার ৮৫৬টি বসতঘর সম্পূর্ণ এবং ৬১ হাজার ৮১২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।এ ছাড়া ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও ৩৫৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।ঝড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪৬ কিলোমিটার এলাকার ক্ষতি হয়েছে।১৯০ কিলোমিটার কাঁচা সড়ক সম্পূর্ণ এবং ৮৮৫ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫ কিলোমিটার পাকা সড়কও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে ১০৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সম্পূর্ণ এবং আংশিক ক্ষতি হয় ১৭৮ কিলোমিটার। এ ছাড়া ১৩ হাজার ৬২৭টি মাছের ঘের ও পুকুর, ৫১৪টি মাছ ধরার নৌকা ও ট্রলার এবং ১৯৬টি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়। জেলায় ৪৫ হাজার হেক্টর জমির বোরো, আউশ ও রবি ফসল সম্পূর্ণ এবং ৩০ হাজার ৪৬৮ একর জমির ফসলের আংশিক ক্ষতি হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, মাঠপর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে ক্ষয়ক্ষতির এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

ত্রাণ কম

বরগুনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণে অপ্রতুলতা রয়েছে। অনেক পরিবার এখনো অনাহারে আছে। আজ বিকেলে স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে সীমিত আকারে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৪২টি ইউনিয়নে গতকাল ৬৬ মেট্রিক টন ও আজ ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া চার লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়। নিহত সাত জনের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের পক্ষ থেকে গতকাল বিকেলে ৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ আরও ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। জেলায় দুই থেকে আড়াই লাখ পরিবার এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে অনুপাতে ত্রাণতত্পরতা খুবই সীমিত।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, ‘প্রাথমিকভাবে চাল বিতরণ করে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। তবে এই সহায়তা অব্যাহত থাকবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা আমরা ঢাকায় পাঠিয়েছি। এরপর সামগ্রিক বিষয় বিবেচনায় এনে ব্যবস্থা নেওয়া হবে।’