বরগুনায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকাপ্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর, তালতলী ও বেতাগী উপজেলায় গতকাল রোববার বাঁধ ভেঙে পানি ঢোকায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

তালতলীর তেঁতুলবাড়িয়া গ্রামে সকালে জোয়ারের চাপে প্রায় ৭০০ ফুট বাঁধ ভেঙে নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম বুকসমান পানিতে তলিয়ে গেছে।

এসব গ্রামের অনেক পরিবার উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। সদর উপজেলার কাটাখালীতে বাঁধ ভেঙে গুলিশাখালী ও তেঁতুলবাড়িয়া গ্রামের দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এ ছাড়া বেতাগীর বিষখালী নদীর পাড়ের আলীয়াবাদ এলাকায় গতকাল বাঁধ ভেঙে আলীয়াবাদ ও কালিকাবাড়ি এলাকার প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের বাড়ি বুকসমান পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় মহাসেনের সময় বরগুনা সদরের নলটোনা, বালিয়াতলী, বদরখালী, ঢলুয়া; বদরখালী ইউনিয়নের মাঝেরচর, গুলিশাখালী, তেঁতুলবাড়িয়া, পাতাকাটা; আমতলী উপজেলার চাওড়া, আরপাঙ্গাশিয়া; পাথরঘাটার সদর, কাকচিঁড়া, চরদুয়ানি ইউনিয়নের প্রায় ২০০ গ্রামে পানি ঢুকে পড়ায় গ্রামগুলোর কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছে।

পাউবোর কর্মকর্তারা জানান, গতকাল জেলার বিভিন্ন নদ-নদীতে ৩ দশমিক ৩৬ মিটার উচ্চতার জোয়ারে জেলার বেশির ভাগ এলাকায় প্রবল জলোচ্ছ্বাস হয়, যা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫১ সেন্টিমিটার বেশি।

গত শনিবার তা ছিল ৩ দশমিক ২৩ মিটার উচ্চতার। তীব্র জলোচ্ছ্বাসের কারণে ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনার লক্ষাধিক পরিবার দুর্ভোগে আছে।

পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘তিন দিন ধরে বরগুনার নদ-নদীতে অস্বাভাবিক জোয়ার হচ্ছে। গতকালও জেলার নদ-নদীতে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। পানির চাপে সদরের বেশ কয়েকটি স্থানের বাঁধ বিলীন হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। পানি কমলে আমরা সেসব ক্ষতিগ্রস্ত বাঁধ জরুরি মেরামতের ব্যবস্থা নেব।’