বরগুনায় বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বাসের ধাক্কায় রিকশাযাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে ফেলার প্রতিবাদে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ গতকাল রোববার সকালে জেলা থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
ফলে বরগুনার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সব পথেও বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সগির হোসেন বলেন, বাসে আগুন দেওয়ার প্রতিবাদে দূরপাল্লার ও অভ্যন্তরীণ ২৫টি পথে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত সব পথে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস পরীরখাল বাজার এলাকায় একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশাযাত্রী স্থানীয় বানাই গ্রামের আবদুল মজিদ মোল্লা নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
গতকাল রোববার সকাল থেকে বাসমালিক ও শ্রমিকেরা বরগুনা বাস টার্মিনালগুলোতে (অভ্যন্তরীণ ও কেন্দ্রীয়) অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। গতকাল সকালে বরগুনা-নিশানবাড়িয়া সড়কে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল ভাঙচুর করেন বাসশ্রমিকেরা।