ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ও জলোচ্ছ্বাসে বরগুনার বিভিন্ন এলাকার প্রায় ৪০০ গভীর নলকূপ ও বালুর ফিল্টার অকেজো হয়ে গেছে। এ ছাড়া বেশির ভাগ এলাকা জলাবদ্ধ থাকায় নলকূপগুলো পানিতে তলিয়ে গেছে। এতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় প্রায় ১০ লাখ মানুষের জন্য গভীর-অগভীর নলকূপ ও বালুর ফিল্টার রয়েছে ১৪ হাজার ৬০৫টি। এর মধ্যে ৪৪০টি নলকূপ ও ৩৮৩টি বালুর ফিল্টার আগে থেকেই অকেজো। মহাসেনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৫৩টি নলকূপ ও ৪৫টি বালুর ফিল্টার।
বরগুনা সদর উপজেলার নলটোনা, বালিয়াতলী ও বুড়িরচর ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, মহাসেনের আঘাতে ও সম্প্রতি জোয়ারের পানিতে এসব এলাকার গভীর নলকূপগুলো পানিতে তলিয়ে আছে। গতকাল শনিবার দুপুরে বড় বালিয়াতলী রাখাইনপল্লিতে গিয়ে দেখা গেঝে, বুকসমান পানি ভেঙে ১৫ থেকে ২০ জন নারী রাখাইনপল্লির একটি নলকূপ থেকে পানি নিতে এসেছেন।
বালিয়াতলী গ্রামের গৃহবধূ নাসিমা বেগম বলেন, ‘ঘূর্ণিঝড়ে ঘর-দুয়ার সব তছনছ অইয়া গ্যাছে। খোলা আকাশের নিচে থাহি। বৃষ্টি আইলে মালপত্র সব ভিইজ্যা যায়। পোলাপান লইয়্যা পাশের একটা ঘরে আশ্রয় লইছি। ঘরে চাউল নাই, খাওনের পানির লইগ্যা এক মাইল পানি ভাইঙ্গা এইহানে আওন লাগে।’
নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান বলেন, বন্যার পানিতে এলাকার অধিকাংশ নলকূপ তলিয়ে গেছে। এলাকায় এখন তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ পানির সংকট।
জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিশ্বেশ্বর হাওলাদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামতের চেষ্টা করছি এবং নিমজ্জিত নলকূপগুলো উঁচু করার চিন্তা করছি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় পানির সংকট নিরসনের জন্য পানি বিশুদ্ধকরণ বড়ি সরবরাহ করছি।’
জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা বলেন, এই সংকট নিরসনে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ৫৩টি নলকূপ মেরামত করা হয়েছে। পানি বিশুদ্ধকরণের প্রায় ৫০ হাজার বড়ি ছাড়াও পুকুরের পানি বিশুদ্ধকরণে ৪০০ কেজি চুন ও ৪০ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।