বরগুনায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের ঘটনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলীর চন্দনতলা গ্রামের ১৪টি হিন্দু পরিবারকে নির্যাতন, বসতবাড়ি এবং ফসলি জমি থেকে উচ্ছেদের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
গতকাল সোমবার আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ ও জাতীয় মুক্তি কাউন্সিল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।
আসকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মার্চ চন্দনতলার নয়টি পরিবারের ভিটাছাড়াসহ ১৪টি হিন্দু পরিবারকে নির্যাতন ও হামলা করে বসতবাড়ি এবং ফসলি জমি থেকে উচ্ছেদ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। এ ছাড়া গত জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রায় ১৫ জন আহত, ১২টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১০১টি প্রতিমা এবং পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। যা মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সংবিধানে (অনুচ্ছেদ-২৮) দেশের নাগরিকের ধর্ম বা গোষ্ঠীগত যেকোনো ধরনের বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার নিশ্চিত করে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার পুনরাবৃত্তিতে এই সাংবিধানিক সুরক্ষা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার। তাই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আসক।
বাংলাদেশ মহিলা পরিষদ ও জাতীয় মুক্তি কাউন্সিল এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।