বরগুনায় সাত জেলের লাশ উদ্ধার, গ্রামে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এফবি পনু নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ নয় জেলের মধ্যে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভোলার চরমোন্তাজ ও পটুয়াখালীর চরকাজল এলাকা থেকে গত শনি ও গতকাল রোববার দুই দিনে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত সাত জেলে হলেন বরগুনা সদর উপজেলার পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের ছায়েদ আলী (৫৫), আলমগীর হোসেন (৩৫), বারেক মোল্লা (৪০), আবুল কাশেম (৩৫), সানু পেয়াদা (৪৫), সোহরাব হোসেন (৪০) ও শাহিন (৩৫)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মিরন মিয়া ও হরিপদ বিশ্বাস নামের দুজন।

গতকাল বিকেলে পূর্ব কেওড়াবুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটি শোকে আচ্ছন্ন। নিহত জেলেদের পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহত সানু পেয়াদার ছেলে কলেজছাত্র বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক টানাপোড়েনের মধ্যেও আমার পড়াশোনার খরচ জোগাতেন। এখন তিনি নেই। এখন আমাদের পরিবার কীভাবে চলবে?’

দুপুরে বরগুনা-১ (সদর-আমতলী) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় প্রতিটি পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

বরগুনা সদর উপজেলার পনু মাঝির মালিকানাধীন ট্রলারটি ১৩ জন জেলে নিয়ে গত ২৬ জুলাই রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।