বরগুনায় ১৩ হাজার ৭৫০ জন জেলে জাটকা পুনর্বাসন সহায়তার প্রথম কিস্তির চাল এখনো পাননি। জেলেদের তালিকা তৈরি না হওয়ায় চাল বিতরণ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সরকার উপকূলের নদ-নদীতে আট মাস (নভেম্বর থেকে জুন) জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা চলাকালে মার্চ থেকে টানা চার মাস এসব জেলের প্রত্যেককে সরকারিভাবে মাসে ৪০ কেজি চাল দেওয়া হয়।
জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরগুনার ছয়টি উপজেলায় নিবন্ধিত ৩৮ হাজার ৬২০ জন জেলের মধ্যে ১৩ হাজার ৭৫০ জনকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ চাল বিতরণের জন্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের কাছে জেলেদের তালিকা চাওয়া হয়। ১৫ মার্চের মধ্যে তালিকা চূড়ান্ত করে প্রথম দফার চাল মার্চের মধ্যেই বিতরণ করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের তরফ থেকে জেলেদের তালিকা জমা দেওয়া হয়নি। এরই মধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে এসব চাল পাঠানো হয়েছে।
বরগুনা সদরের মাছখালী গ্রামের জেলে আসলাম হোসেন বলেন, ‘মোগো সংসার চলে গাঙ্গে মাছ ধইর্যা্। এহন মাছ ধরতে পারি না বইল্লা অ্যাক বেলা খাই তো দুই বেলা না খাইয়্যা থাহি। হুনছি সরকার চাউল দেবে কিন্তু এহনো পাই নায়। আবার মোগো নাম তালিকা থাকপে কি না হেইয়্যা জানি না।’
পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের জেলে আবদুল আলীম বলেন, ‘সরকারি চাউলের লইগ্গা মেম্বারের পিছে ঘোরতে ঘোরতে জীবন শ্যাষ। কবে চাউল পামু কইতে পারি না। মাছ ধরতে পারি না বইল্লা অ্যাত দিন অনেক টাহা ধার-কর্জ অইছে। এহন বউ-বাচ্চা লইয়্যা খামু কী।’
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক বলেন, উপজেলায় ৯ হাজার ৯২২ জন নিবন্ধিত জেলের মধ্যে ৩ হাজার ৯৮২ জনের পরিবারকে পুনর্বাসন সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে। এ জন্য পিআইওর কাছে চালের বরাদ্দপত্রও পাঠানো হয়েছে।
পাথরঘাটার পিআইও মাহবুব হোসেন বলেন, তিনি এরই মধ্যে জেলা থেকে বরাদ্দ পেয়েছেন। কিন্তু জেলেদের তালিকা না পাওয়ায় চাল ছাড় করতে পারছেন না।
উপজেলার কালমেঘা ইউপির চেয়ারম্যান বেগম নুর আফরোজ বলেন, ‘আমার এলাকার ইউপি সদস্যদের তালিকা তৈরি করে জমা দিতে বলেছি।’
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘জেলেদের সহায়তার চাল এরই মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা অনেক আগেই ইউএনওদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে সুবিধাভোগী জেলেদের তালিকা চেয়েছি। কিন্তু তালিকা না পাওয়ায় এখন পর্যন্ত এসব চাল বিতরণ করতে পারিনি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।’