বরগুনার অধিকাংশ লঞ্চে আনসার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও আমতলী থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ লঞ্চে আনসার সদস্য না থাকায় প্রতিদিন নিরাপত্তাঝুঁকি নিয়ে যাতায়াত করছে এ অঞ্চলের কয়েক হাজার যাত্রী। গত শনি ও মঙ্গলবার ঢাকা-বরিশালগামী তিনটি যাত্রীবাহী লঞ্চে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর আতঙ্কে আছে যাত্রীরা।
আমতলী-ঢাকা নৌপথের লঞ্চযাত্রী জি এম ফারুক বলেন, এত দিন হরতাল-অবরোধে লঞ্চে যাত্রা নিরাপদ ছিল। কিন্তু এখন যে হারে লঞ্চে হামলা হচ্ছে, তাতে এখন লঞ্চে উঠতেও আর ভরসা পাওয়া যাচ্ছে না। তা ছাড়া বরগুনা ও আমতলী থেকে ঢাকার পথে চলাচলকারী লঞ্চগুলোর বেশির ভাগেই আনসার সদস্য না থাকায় যাত্রীদের আতঙ্ক নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী, রাতে যেসব লঞ্চ চলাচল করবে, সেখানে যাত্রীদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োজিত থাকবেন। সে সংখ্যা সাত থেকে ১১ জন হতে পারে।
বরগুনা নৌবন্দরের কর্মকর্তারা জানান, বরগুনা থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশে দুটি করে চারটি লঞ্চ যাতায়াতের কথা থাকলেও লঞ্চমালিকেরা রোটেশন প্রথা চালু করে প্রতিদিন দুটি (একটি আসে, একটি যায়) লঞ্চ চালাচ্ছেন। বর্তমানে বরগুনা-ঢাকা পথে আটটি দোতলা লঞ্চ চলাচল করছে। কিন্তু এসব লঞ্চে তিন বছর ধরে একটিতেও যাত্রীদের নিরাপত্তায় কোনোও আনসার সদস্য নেই। তবে আমতলী-ঢাকার পথে চলাচলকারী চারটি লঞ্চের মধ্যে তিনটিতে আনসার সদস্য আছেন। এ পথের ‘সুন্দরবন’ নামে একটি লঞ্চে আনসার সদস্য নেই। অথচ গত মঙ্গলবার বরিশাল থেকে ছেড়ে সুন্দরবন-৭-এ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে লঞ্চের তিনটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়।
বরগুনা-ঢাকা পথে চলাচলকারী এমভি ‘বন্ধন’-এর পরিদর্শক আবদুল লতিফ বলেন, বরগুনা-ঢাকা পথে চলাচলকারী আটটি লঞ্চের কোনোটিতেই আনসার থাকে না।
বরগুনা নৌবন্দরের বন্দর কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘লঞ্চে আনসার সদস্যদের নিয়োগ দেওয়ার দায়িত্ব মালিকপক্ষের। এখন তাঁরা এটা না করলে আমরা কী করতে পারি। তার পরও বিষয়টি আমরা দেখব।’