বরগুনার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু
ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার পাঁচ দিন পর গতকাল রোববার বরগুনার বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল করা হলেও বেশির ভাগ এলাকা এখনো বিদ্যুৎবিহীন রয়েছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি নিশ্চিত করতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।জানা গেছে, মহাসেনের আঘাতে গত মঙ্গলবার গভীর রাতে বরগুনার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে মূল লাইনের ওপর অসংখ্য গাছ ভেঙে পড়ায় সংযোগ তার ছিঁড়ে যায় ও অনেকগুলো খুঁটি উপড়ে পড়ে। পাথরঘাটা, বামনা ,আমতলী ও তালতলী উপজেলার বিদ্যুৎ সরবরাহ গত শনিবার চালু করা গেলেও বরগুনা শহরসহ সদর উপজেলা ও বেতাগী উপজেলার ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন থাকে।এর মধ্যে বরগুনা শহরে ওজোপাডিকোর আওতায় ১১ হাজার এবং পল্লী বিদ্যুতের আওতায় (বরগুনা সদর-বেতাগী) ১৯ হাজার গ্রাহক রয়েছে। বরগুনা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে জানান, শনিবার গভীর রাতে শহরের চারটি ফিডারের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট ও জেনারেল হাসপাতাল ফিডারটি সম্পূর্ণ চালু করা গেছে। এ ছাড়া ডিকেপি ও সদর রোড ফিডারের আংশিক এলাকা চালু করা গেছে। সব মিলিয়ে এখনো পৌর শহরে ৩৫ ভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি। এসব এলাকর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুই দিন লাগতে পারে বলে তিনি জানান।