বরগুনার কৃষিতে বিপর্যয় নেমে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ উপকূলের জেলা বরগুনার কৃষিতে ক্রমশ বিপর্যয় নেমে আসছে। এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য লাগসই প্রযুক্তি ও প্রযুক্তিগত কোনো প্রস্তুতি না থাকায় জেলার অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষির ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত স্থানীয় কৃষক ও বিশেষজ্ঞরা।সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর দক্ষিণের এই জেলার সর্বত্র মিঠাপানির অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। এতে ফসল উত্পাদনে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। এ ছাড়া ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস আর আবহাওয়ার বৈরী আচরণে মাটির উর্বরাশক্তি হ্রাস ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় ফসল উত্পাদনও আগের চেয়ে অনেক কমে গেছে।বরিশাল আঞ্চলিক কৃষি বিভাগের তথ্যানুযায়ী, বরিশাল কৃষি অঞ্চলের বরগুনা, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালী জেলায় আবাদি জমির মোট পরিমাণ নয় লাখ ৯৯ হাজার ৪৪ হেক্টর। এর মধ্যে বোরো মৌসুমে সাত জেলায় পতিত থাকে তিন লাখ ৩১ হাজার ৫৮ হেক্টর। আধুনিক চাষাবাদ ও সেচব্যবস্থার অপ্রতুলতার কারণে শুধু বরগুনা জেলায় প্রায় ৭০ হাজার হেক্টর আবাদযোগ্য জমি বছরের সাত মাস পতিত থাকে। কৃষকদের উদ্বুদ্ধ করে আধুনিক প্রযুক্তি ও সেচ-সুবিধা নিশ্চিত করা গেলে এসব জমি বহুফসলি করা সম্ভব বলে বিশেষজ্ঞদের ধারণা। আর এতে প্রতিবছর কমপক্ষে দুই লাখ টন অতিরিক্ত খাদ্যশস্য উত্পাদিত হবে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে দেশের উপকূলীয় অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে থাকায় অতিরিক্ত খাদ্য উত্পাদনের জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া দরকার। এ জন্য প্রথমেই দরকার এ অঞ্চলের বিপুল আয়তনের চাষযোগ্য জমিকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে বহুফসলি করা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা এবং ঘূর্ণিঝড় সিডর ও আইলায় জেলার প্রধান ফসল আমনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর স্থানীয় কৃষকদের কোমর ভেঙে গেছে। তাঁরা একদিকে চরম অনটনে, অন্যদিকে ঋণের ভারে জর্জরিত হয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে গেছেন। এসব বিপর্যয় কাটিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে কৃষকেরা পতিত জমিকে বহুফসলি করায় আগ্রহী হয়ে উঠলেও নানা সমস্যার কারণে পারছেন না। এর মধ্যে রয়েছে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার না হওয়া এবং ক্রমশ মিঠাপানির প্রাকৃতিক আধার কমে যাওয়া। সিডরে এই অঞ্চলের চাষাবাদের প্রধান বাহন গরু-মহিষের ব্যাপক হারে মৃত্যু হওয়ায় অনেকে ঠিকভাবে জমি চাষ করতে পারছেন না। আবার আধুনিক সেচযন্ত্র, চাষযন্ত্র ও প্রয়োজনীয় সার, বীজ হাতের নাগালে না থাকায় এ প্রচেষ্টায় কৃষক বেশি দূর এগোতে পারছেন না।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৮ সালে বরিশাল কৃষি পরিবেশ অঞ্চলের আওতাভুক্ত ছয় জেলার বিপুল পরিমাণ পতিত কৃষি জমিকে বহুফসলি করার বিষয়ে সরকার একটি উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সেই পরিকল্পনা আর এগোয়নি।বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক শেখ হাসানুজ্জামান বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর গতিপথ পরিবর্তন, ইচ্ছেমতো বাঁধ নির্মাণসহ নানা কারণে এ অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেড়েছে। এখন লবণাক্ততার কারণে ফসল উত্পাদন যাতে হ্রাস না পায়, সে জন্য লবণসহিষ্ণু জাতের ধান চাষে কৃষকদের আগ্রহী করে তোলা দরকার।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ইউনুস আলী মাতুব্বর বলেন, বর্তমানে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের মাটিতে স্বাভাবিক লবণাক্ততার পরিমাণ চার সেন্টিগ্রেড। এটা কৃষি উত্পাদনে সহনীয় হলেও মার্চ-এপ্রিলে নদ-নদীতে লোনাপানির স্ফীতি বেড়ে ৮-১০ সেন্টিগ্রেড হয়ে যায়। এ জন্য দ্রুত ভাঙা বাঁধ ও স্লুইসগেট মেরামত করা দরকার। তিনি আরও বলেন, মিঠাপানির উত্স ক্রমশ হ্রাস পাচ্ছে। এটা এ অঞ্চলের কৃষির জন্য একটি অশনি সংকেত। এ জন্য জেলার নাব্যতা হারানো খালগুলো খনন করা প্রয়োজন।