বরগুনার কোনো হাসপাতালে গাইনি চিকিৎসক নেই!
বরগুনা জেনারেল হাসপাতালে এক বছর ধরে গাইনি বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসকের পদ শূন্য থাকায় জরুরি প্রসূতিসেবা থমকে আছে। ফলে অপচিকিৎসায় প্রায়ই প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সর্বোচ্চ চিকিৎসালয় বরগুনা জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আকবর হোসেন ২০১০ সালের ২৩ নভেম্বর বদলি হয়ে যাওয়ার পর পদটি শূন্য রয়েছে। ১০০ শয্যার এই হাসপাতালে গাইনি বিভাগে দুজন বিশেষজ্ঞ ও একজন অবেদনবিদের পদ থাকলেও তিনটি পদই শূন্য। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম বলেন, শুধু গাইনি নয়, বরগুনা জেনারেল হাসপাতালে নয়জন বিশেষজ্ঞসহ ২১ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র নয়জন। এই নয়জন চিকিৎসকের ওপর নির্ভর করে পুরো হাসপাতালের কাজ চালাতে হচ্ছে এবং প্রতিদিন সামলাতে হচ্ছে ৭০০-৮০০ রোগীকে। তিনি বলেন, নতুন করে চিকিৎসক নিয়োগ হলেও এই হাসপাতালে পাওয়ার সম্ভাবনা কম। কারণ, সরকারি নিয়ম অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করার বাধ্যবাধকতা রয়েছে। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের জেলা সদরের প্রায় সব হাসপাতালেই চিকিৎসক-সংকট প্রকট। সরকারের এই সিদ্ধান্ত এখন পুনর্বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করার জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও গাইনি চিকিৎসক ও অবেদনবিদের অভাবে প্রসূতিদের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। এসব হাসপাতালে এ পর্যন্ত কোনো সময়ই গাইনি বিভাগে পরামর্শক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি বলে জানান হাসপাতালগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করার জন্য ২০০৬ সালে বেতাগী উপজেলায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে জরুরি প্রসূতিসেবা কেন্দ্রে (ইউওসি) ভবন নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী বলেন, ‘গাইনি ও অবেদনবিদের অভাবে জরুরি প্রসূতিসেবা কেন্দ্রটি চালু করতে পারছি না।’বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, জেলায় ছয়জন গাইনি ও পাঁচজন অবেদনবিদের সব পদ শূন্য। দীর্ঘদিন ধরে এসব বিভাগে চিকিৎসক চেয়েও পাওয়া যাচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, গাইনি বিষয়ে চিকিৎসক না থাকায় অপচিকিৎসায় বরগুনায় প্রসূতি মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত বছরের ১৮ নভেম্বর পাথরঘাটা উপজেলার শাপলা ক্লিনিকে অস্ত্রোপচার করার পর আসমা বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়। ওই ক্লিনিকের কথিত চিকিৎসক চিত্তরঞ্জন তাঁর অস্ত্রোপচার করেন। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে আসমার স্বজনেরা কথিত ওই চিকিৎসকের বিরুদ্ধে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেছেন। গত বছরের ৫ সেপ্টেম্বর পাথরঘাটার অপর বেসরকারি ক্লিনিক পাথরঘাটা সার্জিক্যাল ক্লিনিকে অস্ত্রোপচারের পর তাজেনুর বেগম নামে অপর এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় মৃত গৃহবধূর স্বজনেরা চিকিৎসক তাহমিনা বেগমের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেন।পরামর্শক ও অন্যান্য চিকিৎসক সংকটের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আল মেহেদী প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসক সংকটে বরিশাল বিভাগের, বিশেষ করে বরগুনা ও পটুয়াখালী জেনারেল হাসপাতাল দুটি নাজুক অবস্থায় আছে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেয় সরাসরি মন্ত্রণালয়। সে কারণে তাঁরা তদবির করে ঢাকাসহ বড় বড় শহরে চলে যান। এ ক্ষেত্রে তাঁদের কিছুই করার থাকে না। আর চিকিৎসা কর্মকর্তাদের প্রথমে দুই বছর উপজেলা হাসপাতালে থাকতে হয়, এমন বাধ্যবাধকতার কারণে জেলা পর্যায়ের সর্বোচ্চ চিকিৎসালয়গুলোতে চিকিৎসক-সংকট চলছে এটা ঠিক।