বরগুনার কোনো হাসপাতালে শিশু বিশেষজ্ঞ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার সরকারি হাসপাতালগুলোতে শিশুর চিকিৎসায় প্রয়োজনীয় তেমন কোনো ব্যবস্থা নেই। জেলার পাঁচটি হাসপাতালের কোনোটিতেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এসব হাসপাতালে শিশু রোগীদের ওষুধ ও খাবারের জন্য আলাদা কোনো বরাদ্দও নেই। এ কারণে জেলার প্রায় দুই লাখ শিশু কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছে না।চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তাদের উদ্যোগে বরগুনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার একটি শিশু ওয়ার্ড স্থাপন করা হলেও সেখানে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ ছাড়া জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও যাত্রার শুরু থেকেই পদগুলো শূন্য। ফলে জেলার বেশির ভাগ শিশু ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না।জেলার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য সরকারিভাবে একটি জেনারেল হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। জেলা সদরের জেনারেল হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত করা হলেও কেবল শয্যা ও খাবার ছাড়া কোনো সুযোগ-সুবিধা বাড়েনি। এখানে ২১ জন (৫০ শয্যার জন্য) চিকিৎসকের স্থলে আছেন ১০ জন। গাইনি ও শিশুসহ নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সব পদ শূন্য। হাসপাতাল সূত্র জানায়, শিশু ওয়ার্ডে যেমন অবকাঠামো ও সুযোগ-সুবিধা থাকার কথা তার কিছুই নেই। শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ইনকিউবিউটর কয়েক বছর আগে হাসপাতালে দেওয়া হলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। গত বছর হাসপাতালগুলোতে মারা গেছে ৩৭টি শিশু। সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইউনূস আলী বলেন, দুই বছর ধরে জেলায় শিশু ও গাইনি বিভাগে কোনো চিকিৎসক নেই। শিশুদের চিকিৎসায় জেনারেল হাসপাতালের ১০ শয্যার শিশু ওয়ার্ডে ওষুধ বাবদ বছরে সাড়ে সাত লাখ (শয্যা প্রতি ৭৫ হাজার টাকা করে) টাকা বরাদ্দ (অন্য শয্যার মতো স্বাভাবিক বরাদ্দ) দেওয়া হয়। এই বরাদ্দ অপ্রতুল। এই অর্থ থেকে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শিশুদেরও ওষুধ দিতে হয়।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডে শয্যার অভাবে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদরের ফুলতলা আবাসন প্রকল্প এলাকার নূরজাহান বেগম জানান, তাঁর দুই মাসের ছেলে হাসিবের নিউমোনিয়া হয়েছিল গত বছর নভেম্বরে। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে শয্যা না পেয়ে তাকে মেঝেতে রাখতে হয়েছে। হাসপাতালে ভর্তি নবজাতক জান্নাতুলের মা তানিয়া আক্তার জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত তাঁর সন্তানকে ভর্তি করিয়েছেন। মাঝে-মাঝে চিকিৎসক এসে ওষুধ লিখে দিয়ে যান। বাইরে থেকে তা কিনে আনতে হচ্ছে। একই কথা জানান পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া থেকে আসা ফাতিমা বেগম ও সদরের ক্রোক এলাকার রুবি আক্তার নামে শিশুর মায়েরা।সিভিল সার্জন এএইচএম জহিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালগুলোতে আগের চেয়ে ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সমস্যা হচ্ছে। আমরা শিশু বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকের শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছি। এ অবস্থার মধ্যেও শিশুদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’