বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের তিনটি গ্রামে হানা দিচ্ছে মেছোবাঘ। পাশের কেওড়া বনের এসব মেছোবাঘ এক মাস ধরে গরু-ছাগল ও হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছে। এমনকি দিনে পথচারীদেরও ধাওয়া করছে।
বাঘের ভয়ে শিশুরা বিদ্যালয়ে যেতে চাইছে না। অভিভাবকেরা দল বেঁধে শিশুদের বিদ্যালয়ে আনা-নেওয়া করছেন। এরই মধ্যে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছেন তাঁরা। অতিষ্ঠ গ্রামবাসী মেছোবাঘ হত্যার জন্য লাঠিসোঁটা নিয়ে প্রতিদিন বনে অভিযান চালাচ্ছে।
বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী, ফালিসাতলী ও বাসুকি গ্রামের পূর্বদিকে বন বিভাগের কেওড়া বন। বনের পাশে পায়রা নদী।
গত বুধবার দুপুরে বাসুকি এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের ৩০-৩৫ জন লোক লাঠি, টেঁটা, বল্লম নিয়ে বনের মধ্যে বাঘ তাড়া করছেন। এঁদের মধ্যে মোশারফ হোসেন নামের একজন বলেন, ‘আমরা প্রতিদিন রাতে পালা করে গ্রাম পাহারা দিই। বাঘের খোঁজে দিনে বনে অভিযান চালাই। কী করব উৎপাতে আর টিকতে পারছি না।’
বাসুকি গ্রামের বাসিন্দা জামাল মিয়া বলেন, আগে এই বনে তাঁরা কখনো মেছোবাঘ দেখেননি। এক মাস ধরে বনে অনেকগুলো বাঘ দেখেছেন।
বালিয়াতলীর ফারুক চৌকিদার বলেন, ছয়-সাত দিন আগে সন্ধ্যার সময় বাসুকি গ্রামে যাওয়ার পথে একটি বড় আকারের মেছোবাঘ তাঁকে ধাওয়া করে। তিনি দৌঁড়াতে দৌঁড়াতে চিৎকার দিলে লোকজন জড়ো হন। এরপর বাঘটি পাশের বনে চলে যায়। বাসুকি গ্রামের বাদল মিয়া বলেন, ‘২০-৩০ বছরের মধ্যে এলাকায় কখনো মেছোবাঘ দেখিনি। আমাদের ধারণা, ঘূর্ণিঝড় সিডর ও আইলার প্রভাবে জলোচ্ছ্বাসের তোড়ে নদীর অপর প্রান্তে অবস্থিত টেংরাগিরি অথবা সুন্দরবন থেকে বাঘের বাচ্চা ভেসে এখানে এসেছে। সেসব বাচ্চা বড় হয়ে বংশ বিস্তার করেছে।’
পটুয়াখালী-বরগুনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো গতকাল প্রথম আলোকে বলেন, ‘খাবারের সংকট হওয়ায় হয়তো এসব মেছোবাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। গ্রামবাসী একটু সচেতন হয়ে কয়েক দিন পাহারা দিলে এগুলো আর লোকালয়ে আসবে না। তবে এগুলোকে পিটিয়ে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের অনুরোধ থাকবে, যদি এলাকার লোকজনের হাতে এগুলো ধরা পড়ে তবে বন বিভাগের কর্মীদের কাছে যেন তাৎক্ষণিক খবর দেন।’