বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর ভয়াল ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ বরগুনার দুই শতাধিক জেলের পরিবার মানবেতর জীবন যাপন করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দক্ষিণ উপকূলের বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, ভোলা ও পিরোজপুরের সহস্রাধিক জেলে নিখোঁজ হন।সরকারি হিসাবে ওই ঝড়ে বরগুনা জেলার ৪৪ জন জেলে নিখোঁজ হওয়ার কথা বলা হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যা ২০০-এর বেশি বলে জানিয়েছেন জেলা ট্রলার মালিক সমিতির নেতারা। নিখোঁজ এই জেলেরাই ছিলেন এসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা বর্তমানে মানবেতর দিন কাটালেও কেউ তাঁদের খোঁজ রাখে না।গত শনিবার বরগুনা সদরের গাজী মাহমুদ, গুলিশাখালী ও পাথরঘাটা উপজেলার মাছেরখাল গ্রামে গিয়ে এসব জেলে পরিবারের মানবেতর জীবনযাপনের দৃশ্য চোখে পড়ে।পাথরঘাটার মাছেরখাল গ্রামের নিখোঁজ জেলে জহিরের স্ত্রী শাহিনূর (৩০) একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। শাহিনূর বলেন, ‘স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়িতে আশ্রয় নিছি। কিন্তু ভাইদের অবস্থা ভালো না। এক বেলা খাই তো, দুই বেলা না খাইয়্যা থাহি।’ আক্ষেপের সুরে শাহিনূর বলেন, ‘মাইয়্যা মানষের স্বামী না থাকলে সবাইর ধারে বোঝা অইয়্যা যায়; জীবনে আর কিছু থাহে না।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুজ্জামান বলেন, ‘নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের দুর্দশা যাতে কিছুটা লাঘব হয়, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যেকোনো সরকারি সাহায্য বিতরণের ক্ষেত্রে এসব পরিবারকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আসছি।’স্থানীয় ব্যক্তিদের হিসাবে বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ৪২ জন জেলে ওই ঝড়ে নিখোঁজ হন। এলাকার ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ‘নিখোঁজ জেলেদের পরিবারগুলোর দুর্দশা সহ্য করার মতো নয়। তাদের অনেকেরই মাথা গোঁজার মতো ঠাঁই নেই, দুই বেলা আহার জোটানোর ব্যবস্থা নেই। সরকারিভাবেও তারা কোনো সহায়তা পায়নি।’বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি গতকাল রোববার বলেন, নিখোঁজ এসব জেলেদের পরিবার-পরিজন দুর্বিষহ দিন যাপন করছে। দিবসটি স্মরণে জেলা ট্রলার মালিক সমিতি আজ সোমবার পাথরঘাটায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।