বরগুনার পল্লিতে গৃহবধূ ও কথিত প্রেমিককে নির্মম নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়ার অভিযোগে সালিস-বৈঠক ডেকে এক গৃহবধূ (৩০) ও তাঁর কথিত প্রেমিকের (৩২) ওপর নির্মম নির্যাতন চালিয়েছে একটি প্রভাবশালী চক্র। গুরুতর আহত অবস্থায় দুজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন সদস্য পদপ্রার্থীকে সমর্থন না দেওয়ায় পরকীয়ার গল্প সাজিয়ে এ নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।বান্দরগাছিয়া গ্রামের নির্যাতিত ওই ব্যক্তি গতকাল বুধবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, সিডরের পর তিনি একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরা শুরু করেন। তাঁর ট্রলারে একই গ্রামের ওই গৃহবধূর তিন ভাই ও তাঁর স্বামী কাজ করেন। এ কারণে দুই পরিবারের মধ্যে সখ্য গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, ইউপি নির্বাচনে ঢলুয়া ইউপির নবনির্বাচিত সদস্য স্বপন খানকে সমর্থন না করায় এই সখ্যকে কাজে লাগিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, পরকীয়ার অভিযোগে রোববার রাত আটটার দিকে স্বপন খান ও তাঁর সহযোগী মহিবুল জমাদ্দার, কুদ্দুস আকন, রাসেল ও ইউসুব আলী বান্দরগাছিয়া গ্রামের চৌরাস্তা বাজারে সালিস-বৈঠক বসান। বৈঠকে গৃহবধূকে দোষী সাব্যস্ত করে তাঁকে বেত্রাঘাত করেন স্বপন খান। পরে তিনি মুঠোফোনে গৃহবধূর কথিত প্রেমিককে সেখানে ডেকে এনে তাঁকেও বেত্রাঘাত করেন। আহত অবস্থায় দুজনকে জুতাপেটাও করেন। পরে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে একটি ঘরে আটকে রাখেন।ওই ব্যক্তি জানান, মঙ্গলবার দুপুরে তিনি কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের জানান। তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরে বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।নির্যাতিত গৃহবধূ প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ বইলা মেম্বর আমাদের এমন অপমান করল। গরিব বইলা আমাদের কি মান-ইজ্জত নাই। এর চাইতে মরণও ভালো ছিল।’বগুড়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন জানান, বেত্রাঘাতে গৃহবধূর মুখমণ্ডল, হাঁটু, ঊরুদেশসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় পরকীয়ার অজুহাতে দুজনকে পেটানোর অভিযোগ অস্বীকার করে স্বপন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। এ কারণে তাঁদের সালিস-বিচারে পেটানো হয়েছে।’ তবে তিনি তাঁদের দুদিন ধরে আটকে রাখার কথা অস্বীকার করেন।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তাই পুলিশও ব্যবস্থা নিতে পারছে না।